সিলেটের মাঠে হার্ট অ্যাটাক, ঢাকা কোচের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২৫, ৯:২৫:২৭ অপরাহ্ন

স্পোর্টস রিপোর্টার: সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মিনিট বিশেক পর শুরু হবে ম্যাচ। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপ করছিলেন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফের সদস্যরা। এর মধ্যেই হুট করে মাঠে লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। তাৎক্ষণিকভাবে তাঁকে সিপিআর দিয়ে হাসপাতালে নেওয়া হয়। একটু পর জানা যায়, মাহবুব আলী আর নেই! ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাহবুব আলীকে সিলেটের আল হারামাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। মাহবুব আলী অসুস্থ হওয়ার পর মাঠে তাঁকে ঘিরে জটলা তৈরি হতে দেখা যায়। ঢাকা ক্যাপিটালস তখন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, অসুস্থ বোধ করায় অনুশীলনের সময় মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তাঁকে আর বাঁচানো গেল না। দুপুর ১টায় মারা যান তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগে বিশেষজ্ঞ পেস বোলিং কোচ হিসেবেও কর্মরত ছিলেন জাকি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।খেলোয়াড়ি জীবনে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে কুমিল্লা জেলার হয়ে খেলেছেন জাকি। এছাড়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী ও ধানমন্ডির মতো বড় দলেও খেলেছেন তিনি। অবসরের পর কোচিংয়ে মন দেন কুমিল্লার এই ক্রিকেট ব্যক্তিত্ব। ২০০৮ সালে বিসিবিতে হাই পারফরম্যান্স কোচ হিসেবে যোগ দেন জাকি। এরপর থেকে বিভিন্ন দায়িত্বে বিসিবিতে কাজ করেছেন তিনি।
রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ চলাকালীন সময়েই তাঁর মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। এদিকে, রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই মাহবুব আলী জাকি’র জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। পরে পরিবারের তত্ত্বাবধানে জাকির মরদেহ গ্রামের বাড়ি কুমিল্লায় নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।





