খালেদার পথে হাঁটার প্রত্যয় বিএনপির
প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২৫, ৯:৫৪:৩৪ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : আপসহীন নেত্রীর অভিধা পাওয়া খালেদা জিয়ার জীবনসংগ্রাম তুলে ধরে তার দেখানো পথে চলার প্রত্যয় জানাল বিএনপি।বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে জানাজার ঠিক আগে সাবেক প্রধানমন্ত্রীর আপসহীন সংগ্রামের বর্ণনা পড়ে শোনান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
ওই বক্তব্যে খালেদার রাজনৈতিক জীবন, গণতন্ত্রের জন্য লড়াই এবং স্বৈরাচারী এরশাদ ও হাসিনা সরকারের আমলে তার উপর নির্যাতন-নিবর্তনের ঘটনাপ্রবাহ তুলে ধরেন তিনি।২০১৮ সালে খালেদা জিয়ার কারাভোগ ও দুই বছর পর অসুস্থ অবস্থায় ছাড়া পাওয়ার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন।
সমগ্র দেশবাসী সাক্ষী, পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন, কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে।তিনি বলেন, দেশ-বিদেশের চিকিৎসকদের মতে, পরবর্তী সময়ে গৃহবন্দিত্বের চার বছর বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হলো এই অপরাজেয় নেত্রীর। তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনও মুক্তি পাবে না।
দলীয় নেত্রীকে বিদায় জানিয়ে স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দলমত নির্বিশেষে সমগ্র দেশবাসীর শ্রদ্ধা ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি বিদায় নিচ্ছেন। পেছনে রেখে গেলেন এক মহিয়সী নারী, এক সংগ্রামী রাজনীতিবিদ, এক দেশপ্রেমিক রাষ্ট্রনায়কের অনন্য কর্মজীবনের উদাহরণ; যা এক অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলতেন, ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, বাংলাদেশ হলো আমার ঠিকানা; এই দেশ এই দেশের মাটি ও মানুষ আমার সবকিছু।’ চিরচেনা এই দেশের মাটিতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন, আজ এই দেশের মাটিতেই তার শহীদ স্বামীর পাশে তিনি শায়িত হবেন চিরদিনের জন্য।
সবশেষে তিনি বলেন, ইনশাআল্লাহ, আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব; দেশনেত্রীর মতই গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির পথে জনগণের কল্যাণের লক্ষ্য স্থির রেখে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।
মৃত্যু ও শোকগাঁথা :
বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মাতা ও আপসহীন দেশনেত্রী’ অভিহিত করে নজরুল ইসলাম খান বলেন, বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫ ভোর ছয়টায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন আমাদের সকলের পরম শ্রদ্ধেয় নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
মৃত্যুর পর শোকাচ্ছন্ন পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, উনার মৃত্যু সংবাদ মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশের সকল বাংলাদেশি মানুষ শোকে বিহ্ববল হয়ে পড়েন এবং মূলধারা থেকে সোশ্যাল মিডিয়া পরিপূর্ণ হয়ে উঠে তাদের দোয়া ও প্রার্থনায়। অন্যদিকে, পুরো বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল থেকে আসতে শুরু করে আন্তরিক শোকবার্তা।
ফুলের অনুরাগী গৃহবধু থেকে রাজনীতিতে :
নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তার গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি এ অভ্যাস বজায় রেখেছিলেন তার ব্যক্তিগত এবং রাজনৈতিক চর্চায়। তাই তার রাজনীতিও ছিল নিজের মতই সৌন্দর্যমণ্ডিত। ফুলের প্রতি অনুরাগের কারণেই হয়তো সবচেয়ে কঠিন সময়েও তার সকল রাজনৈতিক বক্তব্য থাকত সুশোভিত।
তিনি বলেন, ১৯৬০ সালের ৫ অগাস্ট তৎকালীন সেনাবাহিনীর চৌকস কর্মকর্তা, ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্রের মাঝে জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে প্রকৃতপক্ষে বিনা চিকিৎসায় ২০১৫ সালের ২৪ জানুয়ারি মাত্র ৪৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তার লাশ যখন ঢাকায় আসে, তখন তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াও ছিলেন তার গুলশান অফিসে, সেই একই সরকারের প্রতিহিংসার শিকার হয়ে অন্তরীণ।
খালেদার রাজনীতিতে নামার প্রেক্ষাপট তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতিতে আগমন ছিল আকস্মিক, কিন্তু দেশের প্রয়োজনে তা ছিল অনিবার্য।
১৯৮১ সালের ৩০ মে কতিপয় বিপদগামী সেনা কর্মকর্তার হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম শাহাদাতবরণ করার পর দলের দলীয় সরকারের ভিতরেই ষড়যন্ত্রকারীরা তৎপর হয়ে ওঠে, সাংগঠনিকভাবে বিএনপি এবং সরকার দুর্বল হয়ে পড়ে।
সেই সময় দল এবং দলীয় নেতাদের ‘মনোবল অটুট রাখার লক্ষ্যে’ ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপির সদস্যপদ গ্রহণ করে খালেদার রাজনীতিতে নামার কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির এই সদস্য।তিনি বলেন, শুরু হয় তার রাজনৈতিক জীবনের ক্লান্তিহীন পথচলা। ক্রমশ দলের প্রতিষ্ঠাতার স্ত্রী হয়েও দলের গঠনতন্ত্র সমুন্নত রেখেও তিনি দলের ভাইস চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তারপর দলীয় কাউন্সিলে নির্বাচিত চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন। তার ৪৩ বছরের রাজনৈতিক জীবনের ৪১ বছরই তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, দলকে সুসংহত করেছেন, শক্তিশালী করেছেন।





