সিলেটে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচী
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০২৬, ৯:০২:১৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্নিসেনানী, ইনসাফের বাংলাদেশ গড়ার রূপকার শহীদ ওসমান হাদি হত্যার বিচারসহ ইনকিলাব মঞ্চ ঘোষিত ৪ দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচী। দুপুর ২টা থেকে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে আমাদের “মার্চ ফর ইনসাফ” কর্মসূচি শুরু হয়ে নগরীর রিকাবীবাজার-সুবিদবাজার-আম্বরাখানা পয়েন্ট- শাহী ঈদগাহ- টিলাগড়-শিবগঞ্জ পয়েন্ট- উপশহর -বন্দরবাজার- কোর্ট পয়েন্ট- জিন্দবাজার ঘুরে ফের চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমবেত হয়। এসময় নানা দাবি সম্বলিত বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে কয়েকটি পিকাপে শহরব্যাপী ঘুরে দেখানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ন্যায়বিচার ও অধিকার আদায়ের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করুন। ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। কর্মসূচি চলাকালীন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মুখে বিভিন্ন প্রতিবাদী স্লোগান শোনা যায়। তারা ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’—এমন সব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
ইনকিলাব মঞ্চের ঘোষিত ৪ দফা দাবিগুলো হলো:
১. শহীদ ওসমান হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের আগামী ২৪ দিনের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে। ২. বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ৩. ভারতে আশ্রয় নেওয়া খুনিদের ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করতে হবে। ৪. বেসামরিক ও সামরিক গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিবাদী দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচার করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, এই কর্মসূচির মাধ্যমে তারা জনমত গঠন এবং সরকারের ওপর দাবি আদায়ের চাপ সৃষ্টি করতে চান। সন্ধ্যায় সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচী সমাপ্ত ঘোষণা করা হয়।





