ফল পাল্টে দিতে পারে ‘পোস্টাল ভোট
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০২৬, ৪:০০:৩৯ অপরাহ্ন
ভোটার ১৫ লাখ ৩৩ হাজার, আসনভেদে ১৬ হাজার, সিলেট-১ আসনে ১২ হাজার ৪৫৮ জনের নিবন্ধন

জালালাবাদ রিপোর্ট : শেষ হলো পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। আসনভেদে যা ১৬ হাজারও ছাড়িয়ে গেছে। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলে ভোটের ফলাফল পাল্টে দিতে পারেন পোস্টাল ব্যালটের ভোটাররা।
গত ১৮ নভেম্বর শুরু হওয়া এই নিবন্ধনপ্রক্রিয়া সোমবার রাত ১২টায় শেষ হয়। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। ইসির তথ্য অনুযায়ী, মোট নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৮১ হাজার ৪৩৪ জন। নারী ভোটার ২ লাখ ৫২ হাজার ২৪৬ জন। প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া মালয়েশিয়ায় ৮৪ হাজার ২৯২ জন, কাতারে ৭৬ হাজার ১৩৯ জন ও ওমানে ৫৬ হাজার ২০৭ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। জেলাভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে কুমিল্লা-১ লাখ ১২ হাজার ৯০ জন। এরপর রয়েছে ঢাকা (১ লাখ ৮ হাজার ৭৫৫ জন) ও চট্টগ্রাম (৯৫ হাজার ২৯৭ জন) আসনভিত্তিক নিবন্ধনে শীর্ষে রয়েছে ফেনী-৩। এ আসনে ১৬ হাজার ৯৩ জন নিবন্ধন করেছেন। চট্টগ্রাম-১৫ আসনে নিবন্ধন করেছেন ১৪ হাজার ৩০১ জন।
কোন আসনে কত ভোটার :
পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য সবচেয়ে বেশি নিবন্ধন করা হয়েছে ফেনী-৩ আসনে ১৬ হাজার ৯৩ জন নাগরিক। চট্টগ্রাম-১৫ আসনে ১৪ হাজার ৩০১ জন, কুমিল্লা-১০ আসনে ১৩ হাজার ৯৭৭ জন, নোয়াখালী-১ আসনে ১৩ হাজার ৬৫৮ জন, নোয়াখালী-৩ আসনে ১২ হাজার ৮২৯ জন, ফেনী-২ আসনে ১২ হাজার ৭৯৭ জন, কুমিল্লা-১ আসনে ১২ হাজার ৫৮৩ জন, সিলেট-১ আসনে ১২ হাজার ৪৫৮ জন, কুমিল্লা-৫ আসনে ১২ হাজার ৩৭৩ জন, কুমিল্লা-৬ আসনে ১১ হাজার ৯৪৩ জন, চাঁদপুর-৫ আসনে ১১ হাজার ৮৫২ জন, নোয়াখালী-৫ আসনে ১১ হাজার ৬৭৫ জন, ফেনী-১ আসনে ১১ হাজার ২৪৬ জন, কুমিল্লা-৯ আসনে ১১ হাজার ১৮৫ জন।
১০ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন এমন চারটি আসন হলো-কক্সবাজার-৩, নোয়াখালী-৪, কুমিল্লা-৪, লক্ষ্মীপুর-২। নয় হাজারের বেশি ভোটার রয়েছে নয়টি আসনে। এগুলো হলো— লক্ষ্মীপুর-৩, ব্রাহ্মণবাড়িয়া-৩, কক্সবাজার-১, কুমিল্লা-৩, সিলেট-৬, মুন্সীগঞ্জ-৩, চাঁদপুর-৪, ব্রাহ্মণবাড়িয়া-৪, নোয়াখালী-২।
আট হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন এমন আসন সংখ্যা ১০টি। এগুলো হলো-ঢাকা-৮, মুন্সীগঞ্জ-১, চাঁদপুর-৩, চাঁদপুর-২, কুমিল্লা-১, কুমিল্লা-৮, ঢাকা-১, ঢাকা-১৮, ব্রাহ্মণবাড়িয়া-৫, রাজবাড়ী-২।
সাত হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছেন এমন আসন সংখ্যা ১১টি। এগুলো হলো—সিলেট-৫, চাঁপাইনবাবগঞ্জ-৩, চাঁদপুর-১, চট্টগ্রাম-২, ঢাকা-১৫, কিশোরগঞ্জ-২, কুমিল্লা-২, যশোর-২, ঝিনাইদহ-২, লক্ষ্মীপুর-১, পার্বত্য খাগড়াছড়ি।
ছয় হাজারের বেশি ভোটার রয়েছে এমন আসন সংখ্যা ২১টি। এগুলো হলো-নরসিংদী-৫, যশোর-৩, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-১৬, মৌলভীবাজার-৩, বরিশাল-৫, শরীয়তপুর-২, নারায়ণগঞ্জ-৩, চট্টগ্রাম-১, মৌলভীবাজার-১, কিশোরগঞ্জ-১, চাঁপাইনবাবগঞ্জ-১, ঢাকা-১০, বরগুনা-১, ময়মনসিংহ-৪, সাতক্ষীরা-২, নরসিংদী-৪, সিলেট-৩, চট্টগ্রাম-১০, মাদারীপুর-৩, ঢাকা-৯।
পাঁচ হাজারের বেশি ভোটার রয়েছে ৪৬টি আসনে। এগুলো হলো-ব্রাহ্মণবাড়িয়া-২, ঢাকা-১৭, চট্টগ্রাম-১১, লক্ষ্মীপুর-৪, চট্টগ্রাম-৭, সাতক্ষীরা-১, মুন্সীগঞ্জ-২, ফরিদপুর-৪, কুমিল্লা-৭, টাংগাইল-৬, ঢাকা-২০, ঢাকা-১৩, চট্টগ্রাম-৮, মৌলভীবাজার-২, সুনামগঞ্জ-৫, ঢাকা-১৯, টাংগাইল-৮, ঝিনাইদহ-৩, গাজীপুর-৪, টাংগাইল-৩, পার্বত্য রাঙ্গামাটি, চুয়াডাঙ্গা-১, ঢাকা-১৪, চট্টগ্রাম-১৪, টাংগাইল-৫, মাদারীপুর-২, ময়মনসিংহ-১০, রাজশাহী-২, খুলনা-৩, রংপুর-৩, গাজীপুর-২, মানিকগঞ্জ-২, চুয়াডাঙ্গা-২, যশোর-৫, ব্রাহ্মণবাড়িয়া-৬, কিশোরগঞ্জ-৬, চট্টগ্রাম-৪, মাগুরা-১, বরিশাল-২, নেত্রকোণা-২, শরীয়তপুর-১, রাজবাড়ী-১, মাগুরা-২, টাংগাইল-২, বরগুনা-২, শরীয়তপুর-৩।
৫ হাজারের নিচে কিন্তু ১ হাজার ৫০০ ভোটারের বেশি নিবন্ধন করেছেন এমন আসনের সংখ্যা ১৭৬টি। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বাগেরহাট-৩ আসনে ১ হাজার ৫৯৫ জন।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ১৬ দিনে বিশ্বের ৮১টি দেশে অবস্থানরত ৬ লাখ ৩৫ হাজার ৭৬৯ জন প্রবাসীর কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে সৌদি আরবে অবস্থানরত ভোটারদের কাছে। এই সংখ্যা ২ লাখ ৭ হাজার ৯৪৩।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান মঙ্গলবার বলেন, পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না। আমরা ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছি।
সালীম আহমাদ খান জানান, যাঁদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে, ১০ জানুয়ারির মধ্যে তাঁরা তা হাতে পাবেন। তবে ব্যালটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের দায়িত্ব। কেউ গোপনীয়তা লঙ্ঘন করলে তাঁর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করা হতে পারে।
প্রায় ১০ হাজার ভোটারের ঠিকানায় ত্রুটি থাকায় তাঁদের সঠিক ঠিকানা দিতে মেসেজ দেওয়া হয়েছে বলে জানান সালীম আহমাদ খান।প্রবাসী বাংলাদেশি ভোটার ছাড়াও নির্বাচনী দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারী, কর্মস্থলের কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে থাকা ভোটাররা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সুযোগ পেয়েছেন। গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসীরা তাঁদের সংশ্লিষ্ট দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করে নিবন্ধিত হতে পেরেছেন।




