গণভোটে ‘হ্যাঁ’ প্রচার চালাতে ব্যাংকগুলোকে নির্দেশ
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০২৬, ৯:০৯:২০ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : জুলাই সনদের ওপর আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত রোববার কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে অনুষ্ঠিত ব্যাংকারদের সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ওই সভায় অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান মাশরুর আরেফিনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেয়। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকেরা উপস্থিত ছিলেন। সভায় খেলাপি ঋণ কমানো, বাংলাদেশ ব্যাংকের ডলার কেনা এবং আগামী জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোট নিয়ে আলোচনা হয়।





