জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৭:০৯:৪৩ অপরাহ্ন

সিলেট অঞ্চলে তৃণমূল পর্যায়ে ক্রিকেট উন্নয়ন ও ভবিষ্যৎ প্রতিভা গড়ে তোলার লক্ষ্যে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট’র উদ্বোধন বুধবার এমসি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ১ম বিভাগ ক্রিকেট লীগের সহ-সভাপতি সাদাত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে বিসিবি পরিচালক রাহাত শামস বলেন, ভবিষ্যতের জাতীয় দলের খেলোয়াড় তৈরি করতে হলে স্কুল পর্যায়ের ক্রিকেটের কোনো বিকল্প নেই। এই স্তরে নিয়মিত ও কাঠামোবদ্ধ টুর্নামেন্ট আয়োজন করা গেলে প্রকৃত প্রতিভা উঠে আসবে। তিনি সিলেটে এমন একটি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জিএনসি-এর প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ রাফি ও সাবেক নারী খেলোয়াড় আলেয়া ফেরদৌসী তুলি। এই টুর্নামেন্টে সিলেট মহানগরীর ১৬টি স্কুল অংশগ্রহণ করছে। এতে অংশগ্রহণকারী তরুণ ক্রিকেটাররা প্রতিযোগিতামূলক পরিবেশে তাদের দক্ষতা, শৃঙ্খলা ও ক্রীড়াবিদসুলভ আচরণ প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিএনসি-এর প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল হক হিরু, আলী ওয়াসিকুজ্জামান অনি, আব্দুল ওয়াদুদ সুইট এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কো-অর্ডিনেটর দেওয়ান তায়েফ হোসেন চৌধুরী। বিজ্ঞপ্তি





