জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল খালিক তাপাদারের ইন্তেকাল
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৭:৩০:৪৬ অপরাহ্ন

জকিগঞ্জ প্রতিনিধি: জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আব্দুল খালিক তাপাদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ২.৩০ ঘটিকার সময় আমেরিকার নিউ ইয়র্কের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আব্দুল খালিক তাপাদারের মৃত্যুতে জকিগঞ্জসহ সিলেটের সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি কেবল একজন দক্ষ সাংবাদিকই ছিলেন না, বরং নবীন সাংবাদিকদের কাছে একজন অভিভাবক ও অনুপ্রেরণার উৎস হিসেবে পরিচিত ছিলেন। তাঁর অমায়িক ব্যবহার ও ব্যক্তিত্ববোধ সকলকে মুগ্ধ করত। তিনি ছিলেন সৃজনশীল শিশুকিশোর পত্রিকা কিশোরতারার প্রধান পৃষ্ঠপোষক ও তাপাদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি দীর্ঘদিন দৈনিক জালালাবাদের জকিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
জালালাবাদ সম্পাদকের শোক: দৈনিক জালালাবাদের প্রাক্তন জকিগঞ্জ প্রতিনিধি আব্দুল খালিক তাপাদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জালালাবাদ সম্পাদক ও সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূর। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া তাঁর মৃত্যুতে জকিগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।





