জুলাই যোদ্ধাদের আলাদা ডিপার্টমেন্ট হবে: তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৯:২৩:৫৩ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক: বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট তৈরি করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।রোববাররাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল।
বিএনপি চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। যেমনভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক তেমনি ২০২৪ সালে জুলাই যোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি বিএনপি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পুনরায় সরকার গঠন করে, তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আরেকটি বিভাগ খোলা হবে, যাতে এইসব মানুষদের দেখভাল করা যায়।





