জগন্নাথপুরে মহিষের ধান খাওয়াকে কেন্দ্র যুবক আহত
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:২৬:১৭ অপরাহ্ন
জগন্নাথপুর সংবাদদাতা: জগন্নাথপুরে মহিষের ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সিরাজ উদ্দিন (৩৫) গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল সাড়ে ৮টায় উপজেলার পাটলী ইউনিয়নের গাঁওরবন হাওরে। আহত সিরাজ উদ্দিন বনগাঁও গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে।
জানা যায়, সোমবার সকালে বনগাঁও গ্রামের সমর আলীর ছেলে শাকিল মিয়ার রোপণকৃত বোরো ধান একই গ্রামের সিরাজ উদ্দিনের মহিষ নষ্ট করে ফেলে। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিল মিয়া ও শামীম মিয়াসহ তার লোকজন সিরাজ উদ্দিনের উপর হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সিরাজ উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত সিরাজ উদ্দিনের আর্ত চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সিরাজ উদ্দিনকে তার পরিবারের লোকজন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিরাজ উদ্দিন জানান, ক্ষতিগ্রস্ত হওয়া বোরো ধানের জমি পুনরায় তারা রোপণ করে দিয়েছেন। তারপরও প্রতিপক্ষের লোকজন আমার উপর হামলা করে আহত করে। এদিকে প্রতিপক্ষ শাকিল মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হলেও তাকে পাওয়া যায়নি।





