দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে: অর্থ উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৪০:৪৭ অপরাহ্ন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নিত হয়েছে। অন্তর্ভুক্তির সরকারের দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থা আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর হয়েছে।’
সোমবার দুপুরে চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের কর্মসূচি ও ভোটের গাড়ির প্রচারণার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রচুর দুর্নীতি ও অর্থপাচারের কারণে অর্থনৈতিক অবস্থা খাদের কিনারায় পড়ে গিয়েছিল। সেখান থেকে আমরা উত্তোলনের চেষ্টা করছি। দেশের অর্থনীতিকে খাদের কিনার থেকে মাত্র দেড় বছরে তুলে এনেছে বর্তমান সরকার।’
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘জুডিশিয়ারি স্বাধীনতা, দ্রুত বিচার বাস্তবায়ন, আইনশৃঙ্খলার জন্য যেকোনো সরকারকে সংস্কার করতে হবে। আমরা কিছু সংস্কার করেছি। আর সেগুলো বাস্তবায়নের জন্যই গণভোটে হ্যাঁ-এর পক্ষে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ভোট নিয়ে শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোট কেন হবে না? এখন তো আর রাজনৈতিক চাপ নেই। টাকা দিয়ে কোনো বিশেষ দল তো আসতে পারবে না। আপনারা সকলে সহযোগিতা করলে সুষ্ঠু ভোট হবে। আমরা চাই ভালো ও ত্যাগী লোক আসুক। জনদরদি মানুষ আসুক।’ বক্তব্য শেষে উপদেষ্টাসহ সরকারি কর্মকর্তারা মাঠে থাকা গণভোটের স্টলগুলো পরিদর্শন এবং উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন।





