তারেক রহমানের সফর ঘিরে উচ্ছ্বসিত সিলেটের নেতাকর্মীরা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৮:৫৫:৫০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফরকে কেন্দ্র করে উচ্ছ্বসিত সিলেট বিএনপির নেতাকর্মীরা। শুধু তাই নয়, এই সফরকে সামনে রেখে জাতীয় নির্বাচনে দলীয় মনোয়ন ইস্যুতে সৃষ্ট বিবাদ-বিভাজন সব ভুলে এক জোটে মাঠে আছেন সবাই।
একাধিক নেতা জানান, ২১ জানুয়ারি সিলেট পৌঁছাবেন তারেক রহমান। বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জেলা ও নগর বিএনপিতে যে বিভক্তি ছিল নির্বাচনের মনোনয়ন নিয়ে সেটি অনেকটাই কমে গেছে। মনোনয়ন বঞ্চনায় অনেকের কষ্ট থাকলেও তারা প্রিয় নেতার জন্য তাঁর সবকিছু দূরে সরিয়ে দিয়েছেন। অন্যরাও তাদের পাশে দাঁড়িয়েছেন দলীয় দৃঢ়তা নিশ্চিতে। সিলেট থেকে ঐক্যবদ্ধ, অদম্য এক বিএনপি উপহার দেওয়া হবে নেতাকে। সেজন্যই বিভেদ ভুলে এককাতারে সিলেট বিএনপির নেতাকর্মীরা।
বিএনপির দলীয় সূত্রে জানায়, ২০ বছর পর সিলেট সফরে আসছেন তারেক রহমান। এর আগে ২০০৫ সালে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে এসেছিলেন সিলেটে। এবার আসছেন দলের চেয়ারম্যান হয়ে। তাঁর মা, দলটির চেয়ারপারসন খালেদা জিয়া এই বিভাগে অবস্থিত দুই প্রখ্যাত আউলিয়া হজরত শাহজালাল (রা.) ও হজরত শাহপরাণ (রা.)-এর মাজার জিয়ারতের মধ্যদিয়ে নির্বাচনী প্রচারের কাজ শুরু করতেন। সেই ঐতিহ্য ধরে রেখে ২২ জানুয়ারি মাজার দুটি জিয়ারতের মধ্যদিয়ে নিজের নির্বাচনী প্রচার কাজ শুরু করবেন তারেক রহমান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, ২০ বছর পর সিলেটে সমাবেশ করবেন তারেক রহমান। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, জনসভায় লাখো মানুষের সমাগম ঘটাতে ইতোমধ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এদিকে তারেক রহমানের সিলেট সফরকে সামনে রেখে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিতে শুরু করেছেন। সিলেটের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীরা সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন। নগরীজুড়ে সমাবেশে যোগ দিতে করা হচ্ছে মাইকিং।
বিএনপি নেতারা জানান, তারেক রহমান নির্বাচনী প্রচার শুরু করবেন সিলেট থেকে। এ কারণে তাঁর এই সফর বিশেষ গুরুত্বপূর্ণ। এটি তাঁর রাজনৈতিক পথচলায় একটি নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সূত্র জানায়, ২১ জানুয়ারি সিলেটে আসবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২২ জানুয়ারি সকাল ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। জনসভা শেষে তারেক রহমান সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।





