তেমুখী থেকে আ’লীগ নেতা এডভোকেট সিরাজী আটক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২৬, ৯:৪৬:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : আগস্টে ছাত্র-জনতার উপর হামলার মামলায় আওয়ামী লীগ নেতা ও সিলেট জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট নুরে আলম সিরাজীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে জালালাবাদ থানাধিন তেমুখী থেকে তাকে আটক করা হয়। তিনি জালালাবাদ থানাধিন সোনাতলা এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সদস্য।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, অ অ্যাডভোকেট নুরে আলম সিরাজীর বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তীতে রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানায় ও জালালাবাদ থানায় দুটো মামলা রয়েছে। এ দুটো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
জানা গেছে, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী আওয়ামী লীগ সরকার আমলে জেলা জজ কোর্টের এপিপি ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। তবে ২০১৯ সালে সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।
এডভোকেট নুরে আলম সিরাজীর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, উপজেলা নির্বাচনে অংশ নিয়ে দল থেকে বহিস্কারের পর থেকে তিনি রাজনীতি থেকে নিষ্ক্রিয় হয়ে আইন পেশায় সক্রিয় ছিলেন। যাত্রাবাড়ীর থানায় যে মামলা সেটা তারা জানেন না। এছাড়া সিলেটের যে মামলা ছিল সেটাতে বাদী কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছেন তিনি ওই ঘটনার অভিযুক্ত না।





