জেলা লিগ্যাল এইড কমিটি’র সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৯:০২:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীন জেলা লিগ্যাল এইড কমিটি সিলেট এর ১৬৮ তম মাসিক সভা গতকাল বুধবার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্ল্যাহ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়র সিভিল জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার সিলেট মো. জুলহাস উদ্দিন এর সঞ্চালনায় সভায় পারস্পারিক সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণের জন্য আলোচনা করা হয়।
এসময় জানানো হয় গতবছরের নভেম্বর থেকে চলতি বছরের ১৯ জানুয়ারি পর্যন্ত ৫শ ৮টি আবেদনপত্র পাওয়া যায় এবং এরমধ্যে ১শ ৬৫টি আবেদনপত্রের ভিত্তিতে সরকারি খরচে আইনজীবী নিয়োগ করা হয় এবং ১শ ৬৬টি প্রি-কেইস বিরোধ সফলভাবে বিকল্প বিরোধ পদ্ধতির মাধ্যমে নিষ্পত্তি করা হয় এবং উক্ত সময়ের মধ্যে ৮৭ লক্ষ ১৯ হাজার টাকা আদায় করা হয়।
সভায় সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, মহানগর দায়রা জজ রাজীব কুমার বিশ্বাস, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঁঞা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, চীফ লিগ্যাল এইড অফিসার আয়েশা বেগম, অতিরিক্ত ডিআইজি নাহিদা পারভীন (কারাগার), পিপি মো. আশিক উদ্দিন, জিপি শামীম আহমদ সিদ্দিকী, মহানগর পিপি বদরুল আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূরসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।





