শাবির ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৯:৩৬:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি শুরু হবে। গতকাল বৃহস্পতিবার ভর্তি কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ২৮ জানুয়ারি এ বিষয়ে একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে।
ভর্তি কমিটির তথ্য মতে, বুধবার (২১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল অনুযায়ী, দুইটি ইউনিটের ৫টি সাব-ইউনিটে মোট ৪০ হাজার ৩৯০ জন শিক্ষার্থী মেধাতালিকায় স্থান পেয়েছেন। ভর্তি কমিটি জানায়, এ-১ ইউনিটে ৪২ হাজার ৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ২৯ হাজার ৭৩৭ জন। এই ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৯৬ দশমিক ৬ শতাংশ এবং সর্বনিম্ন নম্বর ৪০ শতাংশ। এ-২ ইউনিটে পরীক্ষায় অংশ নেন ৯২৪ জন। এর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৭৮ জন। বি ইউনিট বিজ্ঞান শাখায় ৮ হাজার ৫৫৩ জন জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ৪ হাজার ৯৩৮ জন। এ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৭৯ দশমিক ৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ। বি ইউনিটের মানবিক শাখায় ভর্তি পরীক্ষায় অংশ নেন ৭ হাজার ৯৩১ জন এবং মেধাতালিকায় স্থান পেয়েছেন ৪ হাজার ৬২৮ জন। এখানে সর্বোচ্চ নম্বর ৮২ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ শতাংশ। এছাড়া বি ইউনিটের বাণিজ্য শাখায় ১ হাজার ৭৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে মেধাতালিকায় স্থান পেয়েছেন ৯০৯ জন। এ শাখায় সর্বোচ্চ নম্বর ৭৮ দশমিক ৪ শতাংশ এবং সর্বনিম্ন ৪০ দশমিক ০২ শতাংশ।
ভর্তি কমিটির তথ্য মতে, এ-১ এ সর্বোচ্চ মার্কধারী নাকিব মোকাররিম এবং এ-২ এ প্লাবন দাস। বি ইউনিটের বিজ্ঞানে জারিন সোবহা আলম, মানবিকে ফারহান সাঈদ কল্প এবং বাণিজ্যে পার্থিব রায়।
ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জানান, একাডেমিক কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।





