এয়ারলাইন্সের সারচার্জ ৭২ শতাংশ থেকে কমে ১৪.২৫%
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৯:০২:৪৪ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : দীর্ঘদিন ধরে উচ্চ সারচার্জের চাপে থাকা দেশের এয়ারলাইন্সগুলোর জন্য অবশেষে বড় ধরনের স্বস্তির খবর এল। সরকার দেশের সাতটি বিমানবন্দরে ল্যান্ডিং, এয়ার ন্যাভিগেশন, পার্কিং, এম্বারকেশনসহ বিভিন্ন খাতে আরোপিত বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে ১৪ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করেছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জারি করা এক গেজেটে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে গেজেটটি জারি করেন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান।
বাংলাদেশ গেজেটে প্রকাশিত সংশোধিত বিধিমালা অনুযায়ী, এয়ারলাইন্সগুলো বিল বকেয়ার ৩০ দিনের মধ্যে পরিশোধ করলে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। তবে ৩১ থেকে ৬০ দিনের মধ্যে বিল পরিশোধ না হলে বকেয়া বিলের ওপর ১ শতাংশ, ৬১ থেকে ১২০ দিনের মধ্যে ১ দশমিক ২৫ শতাংশ এবং ১২০ দিন অতিক্রান্ত হলে পরবর্তী প্রতিটি ১২০ দিন বা তার অংশের জন্য ৬ শতাংশ সারচার্জ আরোপ করা হবে।
এই সিদ্ধান্তটি এসেছে বেসরকারি এয়ারলাইন্সগুলোর প্ল্যাটফর্ম অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে। সংগঠনটি এয়ারলাইনসগুলোকে টিকিয়ে রাখতে বার্ষিক সারচার্জ ৭২ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশে নামানোর দাবি জানিয়ে আসছিল।
এর ফলে আগে যেখানে মাসিক ৬ শতাংশ হিসাবে কার্যত বছরে ৭২ শতাংশ সারচার্জ দিতে হতো, সেখানে নতুন নিয়মে বার্ষিক সর্বোচ্চ সারচার্জ কমে দাঁড়িয়েছে প্রায় ১৪ দশমিক ২৫ শতাংশে। সংশ্লিষ্টরা বলছেন, এতে এয়ারলাইন্সগুলোর দীর্ঘদিনের আর্থিক চাপ অনেকটাই কমবে
।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতেই দীর্ঘদিন ধরে এই হার কমানোর দাবি জানানো হচ্ছিল। অবশেষে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে। এতে দেশের বিমানশিল্প টিকে থাকার সুযোগ পাবে।





