দিরাইয়ে পিস্তলসহ ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ৬:১৯:৩৯ অপরাহ্ন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সেক্রেটারি উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌর শহরের চন্ডিপুর গ্রামের বাড়িতে সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করা হয়। ধৃত উজ্জল মিয়াকে রাতেই দিরাই থানায় হস্তান্তর করা হয়। দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার সকালে সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করার জন্য বিজ্ঞপ্তিতে আহবান জানানো হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সেক্রেটারি উজ্জলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনের মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়।





