বালাগঞ্জে মাদকসহ গ্রেফতার ২
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২৬, ৭:৫০:৩১ অপরাহ্ন

বালাগঞ্জ প্রতিনিধি: সিলেটের বালাগঞ্জে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মাদকদ্রব্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত রাত ৮ টার দিকে বালাগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল বিশেষ অভিযান পরিচালনা করে বালাগঞ্জ থানাধীন ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়নের চানপুর গ্রামের জনৈক আনু রবিদাসের বসতঘর থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, চানপুর গ্রামের মৃত বলিয়া রবিদাসের পুত্র আনু রবিদাস (৫২) এবং তার ছেলে শচিন রবিদাস (১৯)।
অভিযানকালে আইনশৃংখলা বাহিনী তাদের কাছ থেকে জব্দ করে একটি পুরাতন প্লাস্টিকের বস্তায় কর্ক অক্ষত অবস্থায় দেশীয় মদ ভর্তি ২১টি বোতল (প্রতি বোতল ১০০০ এমএল), যার আনুমানিক মূল্য ১০ হাজার ৫০০ টাকা, অপর একটি প্লাস্টিকের বস্তায় দেশীয় তৈরি মদ ভর্তি ৫১টি প্লাস্টিকের বোতল (প্রতি বোতল ৫০০ এমএল), যার আনুমানিক মূল্য ১২ হাজার ৭৫০ টাকা, কর্ক লাগানো পাওয়ার ও স্পিড জাতীয় ২৫০ এমএল প্লাস্টিকের বোতলে দেশীয় মদ ভর্তি ১৬টি বোতল, যার মূল্য ২ হাজার টাকা জব্দ করে।এছাড়া ৩০০ এমএল তরল পানীয় ভর্তি ৬টি টিনের ক্যান, যার মূল্য ৬০০ টাকা। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক মূল্য ২৫ হাজার ৮৫০ টাকা।
এ ঘটনায় বালাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।





