ছাতক-দোয়ারায় ভোটের লড়াই মুখোমুখি বিএনপি-জামায়াত
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৬:৫৪:৩৪ অপরাহ্ন
আমিনুল ইসলাম হিরন, ছাতক : ২২৮ সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে সক্রিয় হয়ে উঠেছে প্রধান রাজনৈতিক দলগুলো। ছাতক ও দোয়ারাবাজার উপজেলা নিয়ে গঠিত এই গুরুত্বপূর্ণ আসনে এবার বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের মোট একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মূল লড়াই ঘিরেই আলোচনা আবর্তিত হচ্ছে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থীদের কেন্দ্র করে। দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে স্পর্শকাতর হিসেবে পরিচিত এই আসনে অতীত নির্বাচনের হিসাব অনুযায়ী বিএনপি তাদের হারানো ভোটব্যাংক পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নীরব প্রচারণা, সাংগঠনিক শক্তি ও জোটভিত্তিক রাজনীতিকে কাজে লাগিয়ে নীরব ভোট বিপ্লব ঘটানোর কৌশলে এগোচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটারের সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৪৫৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৬২০ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৩৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ২ জন। ভোটার তালিকায় নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য হওয়ায় প্রার্থীদের প্রচারণায় নারী ভোটারদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এই আসনে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ও প্রথমবারের ভোটারও রয়েছেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ভোটারদের প্রধান ভাবনার বিষয়।
ছাতক উপজেলার ভোটার জয়নাল আবেদীন বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সংসদে গিয়ে এলাকার কথা জোরালোভাবে তুলে ধরবেন। শুধু নির্বাচনের সময় নয়, সারাবছর মানুষের পাশে থাকবেন। দোয়ারাবাজারের নারী ভোটার তাসলীমা আক্তার বলেন, আগে অনেক প্রতিশ্রুতি শুনেছি, বাস্তবায়ন কম দেখেছি। এবার বুঝেশুনে ভোট দিতে চাই।
নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রার্থী কেন্দ্র ও ওয়ার্ডভিত্তিক গণসংযোগ জোরদার করেছেন। দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রভিত্তিক কমিটি সক্রিয় করা, তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং অতীত আন্দোলনের স্মৃতি তুলে ধরে ভোটারদের উজ্জীবিত করাই তাদের মূল কৌশল।
এই আসনে ১১ দলীয় জোট সমর্থিত একক প্রার্থী হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সিলেট মহানগর জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। জামায়াত প্রকাশ্য শোরগোল কম রেখে ঘরে ঘরে সাংগঠনিক যোগাযোগ, ধর্মীয় ও নীরব ভোটব্যাংকের ওপর গুরুত্ব দিচ্ছে।
মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন, আমরা শোরগোলের রাজনীতিতে বিশ্বাসী নই। মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন আসবে নীরব ভোট বিপ্লবের মাধ্যমেই। ১১ দলীয় জোটের পক্ষ থেকে ছাতক ও দোয়ারাবাজারের বিভিন্ন এলাকায় ধারাবাহিক সভা-সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এসব সমাবেশে সরকারবিরোধী বক্তব্যের পাশাপাশি ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানানো হচ্ছে।
অন্যদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। তবে দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি প্রথমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করেন। দলীয় শৃঙ্খলা ও ঐক্যের স্বার্থে তিনি বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলনের ধানের শীষ প্রতীকের পক্ষে প্রকাশ্যে সমর্থন ঘোষণা করেন।
বিএনপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, এই আসন বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি। জনগণ যদি নির্বিঘ্নে ভোট দেওয়ার সুযোগ পায়, ইনশাআল্লাহ আমরা এই আসন পুনরুদ্ধার করতে পারব।
এছাড়াও এই আসনে খেলাফত মজলিস মনোনীত দেওয়াল ঘড়ি প্রতীকে মোহাম্মদ আব্দুল কাদির, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) মনোনীত আম প্রতীকে মোঃ আজিজুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন অভিযোগ করে বলেন, ভোটের মাঠের পরিবেশ মোটামুটি ভালো হলেও কিছু কিছু এলাকায় বিএনপির লোকজন আমাদের ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। আমরা প্রতিদিন সেন্টারভিত্তিক প্রচার ক্যাম্পেইন চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষের কাছ থেকে বিপুল সমর্থন পাচ্ছি। আমরা বিশ্বাস করি, এই আসনে দাড়িপাল্লার পক্ষে ভোটাররা নীরব ভোট বিপ্লব ঘটাবেন।
অন্যদিকে ছাতক পৌর বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন বলেন, নির্বাচনী প্রচারণায় ভোটের মাঠের পরিবেশ অনেকটাই ভালো। ধানের শীষের পক্ষে ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা আশাবাদী, এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন বিপুল ভোটে জয়লাভ করবেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই আসনে নির্বাচনের ফলাফল অনেকটাই নির্ভর করবে মোট ভোটার উপস্থিতি, নারী ও তরুণ ভোটারদের অংশগ্রহণ, বিরোধী দলের ঐক্য এবং শেষ মুহূর্তের রাজনৈতিক পরিস্থিতির ওপর। সব মিলিয়ে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনটি এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের মঞ্চ হতে যাচ্ছে।





