ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে: কাইয়ুম চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৭:৩৮:০৬ অপরাহ্ন

সিলেট-২ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ প্রাণ দিয়েছে, গুমের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে কিন্তু মাথা নত করেনি। তারেক রহমানের নেতৃত্বে আজ নতুন বাংলাদেশের পথে আমাদের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপিকে দায়িত্বশীল, ঐক্যবদ্ধ ও সংগঠিত ভূমিকা রাখতে হবে। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে নগরীর লামাবাজারস্থ লাভিসতা হোটেল মিলনায়তনে ওসমানীনগর উপজেলা, বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সিলেট-২ আসনের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, বিএনপি জনগণের দল। এ দলের মূল শক্তি তৃণমূলের নেতাকর্মীরা। সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঘরে ঘরে পৌঁছে মানুষের কাছে দলের বার্তা তুলে ধরতে হবে। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে শান্তিপূর্ণ, গণমুখী ও সুশৃঙ্খল নির্বাচনী কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। তিনি বলেন, এই আসনের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়ন ও অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং বঞ্চনার অবসান ঘটাতে বিএনপির বিকল্প নেই। তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্য, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে বিজয় অবশ্যই নিশ্চিত হবে।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, আমি জনগণের প্রতিনিধি হতে চাই জনগণের স্বার্থে। আপনারাই আমার শক্তি। আসুন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করি। তিনি বলেন, জনগণের আস্থা ও সমর্থনই বিএনপির সবচেয়ে বড় শক্তি এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়েই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, উপজেলা চেয়ারম্যান আবদাল মিয়া, ইমরান রব্বানী, ব্যারিষ্টার আবরার ইলিয়াস, সুহেল আহমদ চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস.টি.এম. ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথের প্রবীণ নেতা সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, গয়াস মিয়া চেয়ারম্যান, ধলা মিয়া, রুহেল মিয়া চেয়ারম্যান, বিশ্বনাথ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল, সাংগঠনিক প্রস্তুতি এবং মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।





