কানাইঘাটে ৫২টি পাওয়ার জেল ও ডেটোনেটর উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২৬, ৯:১৮:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট থেকে ফের বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র্যাব-৯। শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিলেট জেলার কানাইঘাট থানাধীন দিঘিরপাড় ইউনিয়নের কুয়োরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত তিনতলা ভবনের
ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে। উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তবে এসব বিস্ফোরক সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় র্যাব-৯ এর পক্ষ থেকে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে সেখানে রাখা হতে পারে।
এর আগের দিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-৯ এর একটি আভিযানিক দল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের সাতাইন এলাকায় বনবিভাগের পরিত্যক্ত একটি ভবনের নিচে একটি অব্যবহৃত সেফটি ট্যাংকের ভেতরে শপিং ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ৮টি পাওয়ার জেল ও ৮টি নন ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে।
শনিবার (৩১ জানুয়ারী) এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো জব্দ করে কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
র্যাব-৯ সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে অদ্যবধি র্যাব-৯, এর সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৪০টি দেশী ও বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৫টি ম্যাগজিন, ১১৭৪০ গ্রাম বিস্ফোরক, ৭৮টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১০২টি এয়ারগান উদ্ধার করেছে। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে।





