মৌলভীবাজার-৩ আসন : নাসের রহমান আব্দুল মান্নান ঝড়ে উত্তপ্ত ভোটের মাঠ
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৭:২৮ অপরাহ্ন

মো. আব্দুল ওয়াদুদ, মৌলভীবাজার : মৌলভীবাজার-৩ আসনে (সদর ও রাজনগর) জামায়াতের প্রার্থী মো. আব্দুল মান্নান প্রকাশ্যে নেতা-কর্মীদের নিয়ে ভোটের মাঠে নামায় আবারও উত্তপ্ত হয়েছে ভোটের মাঠ। ঠিক এই কারণে ১ মাস ধরে ঝিমিয়ে পড়া এ আসনে এবার পাল্টে যেতে পারে ভোটের হিসাব-নিকাশ। ৪ লাখ ৮৬ হাজার ২১২ জন ভোটারের এ আসনে ১১ দলীয় জোটের সিদ্ধান্তে ছিটকে পড়া মো. আব্দুল মান্নান ফের নির্বাচনী মাঠে প্রকাশ্যে আসেন গত শনিবার বিকাল থেকে। শনিবার মৌলভীবাজার শহরে আনুষ্ঠানিকভাবে কয়েক হাজার নেতা-কর্মীদের নিয়ে প্রকাশ্যে শোডাউন দেওয়ায় তার একমাত্র প্রতিদ্বন্দ্বি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মো. সাইফুর রহমানের পুত্র নাসের রহমানের সাথে সমানে সমানে ভোটের প্রতিদ্বন্দ্বিতা হবে এমন আভাস পাওয়া যাচ্ছে এখন।
রোববার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের দেওয়ান মঞ্জিলে তার প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে এক সাথে দুই উপজেলার আরও ৩০টি কার্যালয়ের উদ্বোধন করে দলটি। এদিকে,, জামায়াতের আব্দুল মান্নান অতীতের মত প্রকাশ্যে ভোটের মাঠে চষে বেড়ানোয় তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী বিএনপির নাসের রহমানের নেতা-কর্মীদের মধ্যে প্রচারণার গতি আরও বেড়ে গেছে। শনিবার দিবাগত রাতে আসনটির রাজনগর উপজেলা সদরে বিএনপির পক্ষ থেকে নাসের রহমানের পক্ষে দলীয় নেতা-কর্মীদের মিছিল দিতে দেখা যায়।
এদিকে, মৌলভীবাজার জেলা শহরের ডজনখানেক সাধারণ ভোটারদের সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে তারা বলেন, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এবার ভেবে চিন্তে জেনে বুঝে ভালো প্রার্থী দেখে ভোট দেবো। আমাদের ভোটের কারণে যেন কোন অযোগ্য প্রার্থী বিজয়ী না হয়। রাজনগর উপজেলা সদর ও উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালারবাজার ও ফতেপুর ইউনিয়নের খেয়াঘাটবাজার’র দুই ডজন ভোটার বলেন, দীর্ঘ কয়েক যুগ ধরে পিছিয়ে থাকা বাংলাদেশকে আর পিছিয়ে রাখতে দেবোনা। এবার খুব খেয়াল করে নেতা বাছাই করবো।
এ আসনে অন্যান্য প্রার্থীরা হলেন খেলাফত মজলিসের (১১ দলীয় জোট) আহমদ বিলাল ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি’র জহর লাল দত্ত।





