সিলেটের মানুষের মধ্যে অন্যের প্রতি মর্যাদাবোধ ও সম্মানবোধ অন্যরকম : সিনিয়র সচিব নিয়ামত উল্যা
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১০:২৮ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্যা ভূইয়্যা বলেছেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এমন সব ট্রেড চালু করতে হবে, বিশ্বের উন্নত দেশে যেগুলোর ব্যাপক চাহিদা রয়েছে, মর্যাদাও রয়েছে। একটি এলাকার টিটিসিতে ট্রেড নির্ধারণের ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রাধান্য দিতে হবে, ওই এলাকার বেশি সংখ্যক লোক কোন দেশে যায় এবং কোন কাজ তারা করতে চায়। ওই কাজের উপর তাদের প্রশিক্ষণ দিতে হবে। তিনি বলেন, সিলেটের মানুষের মধ্যে অন্যের প্রতি মর্যাদাবোধ, সম্মান বোধ দেশের অন্যান্য এলাকা থেকে অন্যরকম। এগুলোকে বিবেচনায় নিয়েই এখানে ট্রেড কোর্স চালু করতে হবে। এক্ষেত্রে মন্ত্রণালয় সবধরণের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।
তিনি রোববার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিদেশগামী কর্মীদের ৩দিন ব্যাপি প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
টিটিসির প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কাঠালতলী টিটিসির অতিথি প্রশিক্ষক এমএম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুগ্ম সচিব কামরুজ্জামান, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, বড়লেখা ইউএনও গালিব চৌধুরী, ৪০ টিটিসি উপ-প্রকল্প পরিচালক রফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, অধ্যক্ষ ইঞ্জিনিয়ার কামরুল হাসান, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।





