সিলেটে ভয়েস নেটওয়ার্ক ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের নাগরিক সংলাপ আজ
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর পলিটিক্যাল স্টাডিজ বিভাগের উদ্যোগে এবং ভয়েস নেটওয়ার্ক (নির্বাচনী পর্যবেক্ষকদের একটি প্রতিষ্ঠান) ও ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের (নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত একটি নির্বাচনী পর্যবেক্ষক সংস্থা) সহায়তায় আজ সোমবার (২ ফেব্রুয়ারি) একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
“ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিলেট অঞ্চলের প্রার্থীদের হলফনামা ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নাগরিক সমাজের প্রত্যাশা” শীর্ষক এই সংলাপটি সোমবার সকাল ১০:৩০ মিনিটে, হোটেল নির্ভানা ইন, সিলেট-এ অনুষ্ঠিত হবে।
এই সংলাপে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের একদল শিক্ষার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণ বিষয়ে তাঁদের গবেষণালব্ধ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করবেন। আলোচনার মাধ্যমে নির্বাচন সংক্রান্ত স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সমাজের ভূমিকা তুলে ধরা হবে। উক্ত সংলাপে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণিুপেশার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁদের মূল্যবান উপস্থিতি ও মতামত সংলাপটিকে আরও সমৃদ্ধ করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান। স্বাগত বক্তব্য প্রদান করবেন সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. দিলারা রহমান। সংলাপটি পরিচালনা করবেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক।





