সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সোমবার
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: ট্রান্সফরমার সংস্কার ও সংরক্ষণ এবং সঞ্চালন লাইনের উন্নয়নকাজের জন্য সোমবার (২ ফেব্রুয়ারি) সিলেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন ১১ কেভি ফিডারের অনন্তপুর, বাদেআলী, মাসুকবাজার, তাজপুর সুকলামপুর, ছুনপাড়া, মেদেনীমহল বসন্তেরাগাঁও, মুন্সিরগাঁও, দিঘীরপাড়, পশ্চিম দর্শা, বাছিরপুর মীরেরগাঁও ও সুজাতপুরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে শাটডাউন চলাকালীন সময়ে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।





