বড়লেখায় উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ৬:০৮:৩৫ অপরাহ্ন
একটির বিস্ফোরণে যেকোন ভবন গুড়িয়ে দেওয়া সম্ভব
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ অভিযান চালিয়ে ব্যাপক পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করেছে। উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে সোমবার মধ্যরাতে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়ন। এ সময় দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্রের মধ্যে রয়েছে- ২৪টি পাওয়ারজেল নাইনটি উচ্চ ক্ষমতাসম্পন্ন (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুতকৃত) বিস্ফোরক, ২৩টি ডিটোনেটর, ১৫ মিটার ডিটোনেটর কর্ড এবং ৩টি পাইপগান। বিশেষজ্ঞদের মতে ৩০০ ফিট মাটির নিচে থেকেও উদ্ধারকৃত যেকোনো একটি ডিটোনেটরের বিষ্ফোরণ ঘটালে মুহূর্তে যেকোন ভবন গুড়িয়ে দেওয়া সম্ভব। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্রে হামলা চালাতে মারনাস্ত্রগুলো মজুত করা হচ্ছিল।
অবৈধ বিষ্ফোরক ও অস্ত্র উদ্ধারের বিষয়ে মঙ্গলবার দুপুরে বড়লেখার ছোটলেখা উচ্চ বিদ্যালয়স্থ নির্বাচন উপলক্ষ্যে বিজিবি স্থাপিত বেইজ ক্যাম্পে প্রেস কনফারেন্স করেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন বিজিবি সদর দপ্তরের মেজর মারুফ ও বিজিবি-৫২ ব্যটালিয়নের সহকারি পরিচালক মাহফুজুর রহমান। এদিকে, মঙ্গলবার রাতে বিজিবি বড়লেখায় থানায় অস্ত্র উদ্ধারের বিষয়ে সাধারণ ডায়রি করে অস্ত্র ও বিষ্ফোরকগুলো থানায় জমা দিয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৩৭৫/এম-এর কাছ দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে- এমন গোপন তথ্য পায় বিজিবি। এর পরিপ্রেক্ষিতে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজনের নেতৃত্বে বিশেষ টহল দল এবং বিজিবি নির্বাচনি বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরেকটি টহল দল যৌথভাবে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা রাতের আঁধারে সীমান্তবর্তী গভীর জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে সীমান্ত পিলার ১৩৭৫/এম থেকে আনুমানিক দুই থেকে তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরের দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম এলাকা থেকে বিজিবি পরিত্যক্ত অবস্থায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ও অস্ত্রগুলো উদ্ধার করে।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ ধরনের উচ্চ বিস্ফোরক ও অস্ত্রের অনুপ্রবেশ দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সুস্পষ্ট অপচেষ্টা। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ঘটনাটিকে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তদন্ত কার্যক্রম চলছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় যেকোনো ধরনের নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অবৈধ অস্ত্রের প্রবেশরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বড়লেখা থানার ওসি মো. মুনরুজ্জামান খান বুধবার দুপুরে জানান, বড়লেখা সীমান্তে বিষ্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে বিজিবি-৫২ ব্যাটালিয়ন মঙ্গলবার রাতে থানায় জিডি করেছে এবং উদ্ধার বিষ্ফোরক ও অস্ত্র থানায় জমা দিয়েছে।





