তেমুখীতে জনসভায় চেয়ারে বসা নিয়ে ৪ গ্রামবাসীর সংঘর্ষ : আহত ১০
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:২৪:২৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর তেমুখি পয়েন্টে বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে মধ্যরাতে চার গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ছুড়া ঢিলে এক পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে আশপাশের সব এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষের অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১১টার দিকে তেমুখি পয়েন্টে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা চলাকালে কুমারগাঁও ও সাহেবের গাঁওয়ের দুই দল কিশোরের মধ্যে চেয়ারে বসাকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি হয়। তখন উপস্থিত দলীয় নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দেন। তবে ঘণ্টাখানেক পর একপক্ষ তেমুখী পয়েন্টের দুতলায় একটি দোকানে বসা থাকা অবস্থায় তাদের উপর পর পর দুটি ঢিল ছুঁড়া হয়। এজন্য তারা প্রতিপক্ষকে দায়ী করলে ফের উভয়পক্ষ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে কিশোরদের পক্ষ নিয়ে কুমারগাঁও এলাকার বাসিন্দাদের সঙ্গে নাজিরেরগাঁওয়ের লোকজন একাত্মতা প্রকাশ করলে সাহেবের গাঁওয়ের সঙ্গে চারুগাঁও এলাকার লোকজনও যোগ দেন। এতে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তেমুখী পয়েন্টে থাকা দোকানপাটও ভাংচুর করা হয়।
সংঘর্ষের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ২ ঘন্টা পর পুনরায় যান চলাচল শুরু হয়। বৃহস্পতিবারও তেমুখি পয়েন্ট এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে এসএমপির জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জানান, মিছিলে অংশগ্রহণ শেষে দুই কিশোরের মধ্যে তর্কাতর্কির ঘটনা থেকেই সংঘর্ষের সুত্রপাত হয়। দুইপক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ১০ জন আহতের খবর পাওয়া গেলেও ৩ জন হাসপাতালে ভর্তি ছিলেন। এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।





