ইসির জোরালো প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০:৩৫ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জোরেশোরে প্রস্তুতি চালাচ্ছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে ১১৬টি আসনে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি। বাকি আসনগুলোর ব্যালট পেপার আগামীকাল ৭ ফেব্রুয়ারির মধ্যে পাঠানো হবে।ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, কয়েকটি আসনে আদালতের নির্দেশে ও শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পাওয়ায় ব্যালট পেপার পুনর্মুদ্রণ করতে হয়েছে। এ কারণে সংশ্লিষ্ট আসনগুলোতে ব্যালট পাঠাতে কিছুটা বিলম্ব হয়েছে। তবে সামগ্রিকভাবে নির্বাচন কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করছে বলে তিনি দাবি করেন।
এদিকে, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রবাসী নিবন্ধনকারীদের মধ্যে প্রায় চার লাখ পোস্টাল ব্যালট বাংলাদেশে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসীদের কাছে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার আটজন প্রবাসী তাদের ব্যালট গ্রহণ করেছেন এবং চার লাখ ৮০ হাজার ৪১৬ জন ইতোমধ্যে ভোটদান সম্পন্ন করেছেন।
এছাড়া চার লাখ ৪৪ হাজার ৯৫২ জন প্রবাসী ভোটার তাদের ব্যালট সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগে জমা দিয়েছেন। এর মধ্যে এক লাখ সাত হাজার ১৬৮টি ব্যালট ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তারা বুঝে পেয়েছেন। আর বাংলাদেশে এসে পৌঁছেছে তিন লাখ ৭৯ হাজার ৯২৪টি পোস্টাল ব্যালট।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ পর্যন্ত দেশের অভ্যন্তরে ছয় লাখ ৬২ হাজার ১৯১ জন নিবন্ধিত ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত দেশের ভেতরে দুই লাখ ৬০ হাজার ৪৪৭ জন ভোটার তাদের ব্যালট গ্রহণ করেছেন। এর মধ্যে দুই লাখ ১১ হাজার ১২২ জন ভোট দিয়েছেন এবং এক লাখ ৬৮ হাজার ৫১৯ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত ২৭ হাজার ৩৬৭টি ব্যালট গ্রহণ করেছেন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে আখতার আহমেদ জানান, বিদেশ থেকে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই এগুলোর গ্রহণ প্রক্রিয়া শেষ হবে। তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কারণে সেখান থেকে ব্যালট আসায় কিছু বিলম্ব হলেও মধ্যপ্রাচ্যে ব্যালট আটকে থাকার মতো কোনো তথ্য কমিশনের কাছে নেই।
ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান বলেন, নির্ধারিত সময়ের আগে পোস্টাল ব্যালটের ফল জানার কোনো সুযোগ নেই। পোস্টাল ব্যালট পেপার নির্বাচনের দিন বিকাল ৪টা ৩০ ঘটিকার পরে নিয়মিত ভোট গণনার সময় একই সঙ্গে গণনা করা হবে।
এদিকে, ভোটের আইনশৃঙ্খলা প্রস্তুতিও শেষ হয়েছে। ইসি জানায়, সাত দিন সেনাবাহিনী, আট দিন আনসার এবং নিয়মিত পুলিশ বাহিনী মোতায়েন থাকবে। এছাড়া ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী মাঠে থাকবেন ১৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা মূলত মোবাইল কোর্ট পরিচালনা করবেন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের তালিকাও দ্রুতই পাওয়া যাবে।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি সুসমন্বিত ‘ডেপ্লয়মেন্ট প্ল্যান’ কার্যকর রয়েছে। সেনাবাহিনী ইতোমধ্যে মাঠে রয়েছে এবং নির্বাচনকে কেন্দ্র করে তারা অর্পিত দায়িত্ব পালন করবে।





