ভোটের মাঠে ফ্যাক্টর তরুণ, আ’লীগ সমর্থক ও নারী ভোটার
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৯:০৪ অপরাহ্ন

সিলেট-৬ আসনে চলছে শেষ মুহুর্তের প্রচারণা
তোফায়েল আহমদ, বিয়ানীবাজার: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে চলছে শেষ মুহুর্তের প্রচারনা। এই আসনে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তবে মূল আলোচনায় রয়েছেন ২ জন। ভোটের মাঠে এক্স ফ্যাক্টর হিসাবে কাজ করছে আওয়ামীলীগ সমর্থক, নতুন ভোটার ও নারীরা। শেষ মুহুর্তে এসে এই তিন ফ্যাক্টর গড়ে দিবে ব্যবধান।
এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি থেকে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, জামায়াতের দাড়ি পাল্লা প্রতীক নির্বাচন করছেন ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী জমিয়ত নেতা হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, ট্রাক প্রতীক নিয়ে গণ অধিকার পরিষদের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান এবং লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আব্দুন নুর।
ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আওয়ামীলীগ নেতাকর্মীরা নির্বাচন থেকে দূরে থাকলেও অনেক সমর্থক ভোটে যেতে আগ্রহী। আর এই বেনিফিট তুলতে অনেক প্রার্থী গোপনে এলাকাভিত্তিক আওয়ামীলীগ তৃণমূল নেতাদের সাথে যোগাযোগ করছেন। তাদের আশা আওয়ামীলীগের ফ্রন্টলাইনের নেতাকর্মীরা নির্বাচনে না গেলেও সমর্থক শ্রেণীর বিপুল ভোটার ভোট দিবেন। আর তারা ভোটাধিকার প্রয়োগ করলে নির্বাচনে বড় নিয়ামক হিসাবে দেখা দিবে তাদের ভোট, বদলে দিতে পারে ফলাফল। তবে এককভাবে কোনো প্রার্থী আওয়ামীলীগের ভোট ব্যাংক পাবেন না বলেই জানা গেছে, এলাকাভেদে কম বেশী সকল প্রার্থীই পাবেন তাদের ভোট।
একইভাবে এবারের ভোটে প্রধানতম ফ্যাক্টর হয়ে উঠতে পারে ২০০৮ পরবর্তী ভোটার, তারুণ্যের ভোট এই আসনের ফলাফল বদলে দেয়ার ক্ষমতা রাখে, বিশেষ করে তরুণদের মধ্যে হ্যাঁ ভোটের প্রচারণা করছে এনসিপির নেতাকর্মীরা। হ্যাঁ ভোটের প্রচারণায় জামায়াত ও এনসিপি বাদে বাকি প্রার্থীরা নীরব থাকায় ক্ষোভ রয়েছে তরুণ ভোটারদের মধ্যে।
সারাদেশের ন্যায় এখানেও নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি আশা করছেন সব প্রার্থী, নারীদের ভোটে আনতে বাড়ি বাড়ি গিয়ে বারবার প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছেন সব দলের নেতাকর্মীরা। তবে দাড়িপাল্লার পক্ষে নারীরা প্রচারণা চালাতে গিয়ে উপজেলার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতার শিকার হয়েছেন বলে তাদের দলীয় সুত্র নিশ্চিত করেছেন। আর এ ব্যাপারে অন্তত বিয়ানীবাজার উপজেলার দুটি ভিডিও ভাইরাল হয়। সব ছাপিয়ে নারীদের ভোট এখানে ফ্যাক্টর হিসাবে কাজ করবে।
পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সাথে আলাদা আলাদা বৈঠক করেছেন, তারাও এই আসনের ভোটের মাঠে ফ্যাক্টর হিসাবে কাজ করবে। প্রচারণায় সকল প্রার্থী সরগরম থাকলেও মাঠের লড়াই দ্বিমুখী হওয়ার আভাস দিচ্ছেন ভোটাররা। মূল প্রতিদ্বন্ধিতায় রয়েছেন ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও দাড়িপাল্লার প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।





