সিলেটে ৫ দিন সবধরনের জনসভা-মিছিল নিষিদ্ধ
প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৪:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে পাঁচদিনের জন্য সব ধরনের জনসভা, অনুষ্ঠান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেটের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ (১) অনুসারে, সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের (২২৯ সিলেট-১, ২৩০ সিলেট-২, ২৩১ সিলেট-৩, ২৩২ সিলেট-৪, ২৩৩ সিলেট-৫, ২৩৪ সিলেট-৬) সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, নির্বাচনি এলাকায় ভোটগ্রহণ শুরুর পূর্ববর্তী ৪৮ ঘন্টা এবং ভোটগ্রহণ সমাপ্তির পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টা থেকে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সব ধরণের জনসভা আহ্বান, অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিলে বা শোভাযাত্রা আয়োজন বা তাতে যোগদান এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮ (১ক) অনুসারে, উল্লিখিত সময়ের মধ্যে কোন ব্যক্তি কোন আক্রমণাত্মক কার্য বা বিশৃঙ্খলামূলক আচরণ করতে পারবেন না, ভোটার বা নির্বাচনি কার্যে নিয়োজিত বা দায়িত্ব পালনরত ব্যক্তিগণকে হুমকি বা ভয়ভীতি প্রদর্শন করতে পারবেন না, কোন অস্ত্র বা শক্তি প্রদর্শন বা ব্যবহার করতে পারবেন না। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৮(২) এর মর্মানুযায়ী, কোন ব্যক্তি উল্লিখিত বিধানাবলি লঙ্ঘন করলে তিনি অন্যূন ২ বছর এবং অনধিক ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডেও দণ্ডিত হবেন।





