কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভা
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪৩:২৬ অপরাহ্ন

কুলাউড়া প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব নওয়াব আলী আব্বাছ খান বলেছেন, কুলাউড়ার মানুষের কাছে জনপ্রতিনিধি হিসেবে আমি পরীক্ষিত। তিনবার সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছি। সেই পুরোনো অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। এটাই আমার জীবনের শেষ নির্বাচন। শনিবার সন্ধ্যায় কুলাউড়া পৌর শহরের ডাকবাংলো মাঠে আয়োজিত তাঁর নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন।
জাপা নেতা মুহিবুর রহমান লাল মেম্বারের সভাপতিত্বে ও শেখ আশরাফ উদ্দিন হিরোর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টি নেতা মুহিবুল কাদির পিন্টু, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকী খান ও আলী বাকর খান হাসনাইন, সমাজসেবক নওয়াব আলী তকী খান, ছাত্রনেতা নওয়াব আলী হাসিব খান প্রমুখ। সভার পূর্বে ফুটবল সমর্থকদের এক বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।





