ছাতকে নারী কর্মীদের হেনস্থার প্রতিবাদ জামায়াতের সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৩:০৮ অপরাহ্ন

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হেনস্থার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী। এ ঘটনার প্রতিবাদে রোববার দুপুরে জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলীয় নেতৃবৃন্দ। ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাতক-দোয়ারাবাজার (সুনামগঞ্জ-৫) আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার।
তিনি বলেন, শনিবার বিকেলে ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের সেওতরপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লার পক্ষে কয়েকজন মহিলা কর্মীরা প্রচারণা ও লিফলেট বিতরণে বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন বিএনপির আহবায়ক তাদের বাধা প্রদান ও হেনস্থা করা হয়। এ সময় নারী কর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হুমকি প্রদান ও প্রচারনা বন্ধ করতে বলা হয়। এ বিষয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যার পর দিকে গোবিন্দগঞ্জ এলাকায় জামায়াতে ইসলামী’র নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। তারা ওই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আসন কমিটির মিডিয়া সেক্রেটারি এড. সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য শাহ আলম, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন রশীদ, ছাতক পৌর জামায়াতের আমীর প্রকৌশলী নোমান আহমদ, ছাতক উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মনসুর আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, ছাতক উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি মিজানুর রহমান, জামায়াত নেতা হেলাল উদ্দিন, আব্দুল আউয়াল, আবু মুসা রাসেল, আরাফাত আহমদ রাহাত, নাসির উদ্দীন ও জাবেদ আহমদ প্রমূখ।





