ভ্রাম্যমাণ ট্রাকযোগে ভোটারদের উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠান উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬:১০:৩০ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং গণভোটে অংশগ্রহণে উৎসাহিত করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ সঙ্গীতানুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জেলা তথ্য অফিস আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার।
উপপরিচালক সুবর্ণা সরকার বলেন, নির্বাচন আচরণবিধিমালা মেনে সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা তথ্য অফিসের এ ভ্রাম্যমাণ ট্রাকযোগে উদ্বুদ্ধকরণ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী। এ প্রচারণার মাধ্যমে সিলেট জেলা ও সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ জনগণ আরও সচেতন হবে এবং ভোটদানে উৎসাহিত হবে।
তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হওয়ায় বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসদ নির্বাচন ও প্রতীকের ভোট সম্পর্কে সাধারণ জনগণের ধারণা থাকলেও গণভোট বিষয়ে অনেকেরই স্পষ্ট ধারণা নেই। ভ্রাম্যমাণ ট্রাকযোগে এই প্রচারণা কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে গণভোটের উদ্দেশ্য ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করবে এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার আফসানা আখতারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি





