একদিনে সামনে এলো দুই জরিপ
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৬:৪৪ অপরাহ্ন
♦আইআইএলডির জরিপে জামায়াত নিশ্চিত ১০৫, বিএনপি ১০১
♦ন্যাশনালিস্ট রিসার্চ সেলের জরিপে বিএনপি ২২০, জামায়াত ৫৭

জালালাবাদ রিপোর্ট: দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। আর মাত্র তিন দিন বাদেই ভোটগ্রহণ। এই ভোট নিয়ে উঠেছে জরিপের ঢেউ। কোন দলের জনসমর্থন বেশি, কারা কতটি সিট পাবে, কোন আসনে কোন প্রার্থী এগিয়ে, কে প্রধানমন্ত্রী হবেন- এসব নিয়ে চলছে নানা পক্ষের চুলচেরা বিশ্লেষণ।
তারই ধারাবাহিকতায় সোমবার একদিনে সামনে এলো দুটি জরিপের ফলাফল। এর একটি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘ন্যাশনালিস্ট রিসার্চ সেল’ এবং অন্যটি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি) নামের একটি সংস্থা।
আইআইএলডির জরিপে জামায়াত এগিয়ে :
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল অ্যান্ড ডিপ্লোম্যাসির (আইআইএলডি) প্রাক-নির্বাচনি জনমত জরিপে বলা হচ্ছে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১০৫টি সংসদীয় আসনে জয় পাবে। বিএনপি নেতৃত্বাধীন জোট জয় পাবে ১০১টিতে। অন্যান্য পাবে ১৯টি আসন। আর প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫টি আসনে।
গণভোট সম্পর্কে জরিপে বলা হয়েছে, ‘হ্যাঁ’ ভোট পাবে ৮৯ দশমিক ৬০ শতাংশ। আর ‘না’ ভোট পাবে ৯ দশমিক ১০ শতাংশ ভোট। দেশের ৩০০ সংসদীয় আসনের ৬৩ হাজার ৬১৫ জন ভোটারের মতামত নিয়ে জরিপটি করা হয়।
সংস্থাগুলোর এসব জরিপের ফলাফলের মতো দেশের মানুষ এবং রাজনৈতিক বিশ্লেষকদেরও নানা মত। কেউ কেউ বলছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপিই এবার সরকার গঠন করবে। আবার কারও কারও মতে, চমক দেখিয়ে প্রথমবারের মতো গদিতে বসতে পারে জামায়াত।
বিএনপিকে এগিয়ে রেখেছে ন্যাশনালিস্ট রিসার্চ সেল :
ঢাবির সাবেক শিক্ষার্থীদের এই সংগঠনটির জরিপের ফলাফলে বলা হয়েছে, সারাদেশে ২২০টি আসন পেতে পারে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। অন্যদিকে এবারের নির্বাচনে তাদের মুল প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী পেতে পারে ৫৭টি আসন।
এই জরিপ কাজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০ জন সাবেক ছাত্র ও পাঁচজন পিএইচডি ডিগ্রিধারী গবেষক অংশ নেন। জরিপে অংশ নেওয়া ৩০০ জনকে চারটি করে প্রশ্ন করা হয়। এর মধ্যে ৭৭ শতাংশ উত্তর দাতা বলেছেন, তারা বিএনপিকে সমর্থন করেন।
অন্যদিকে ১৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে সমর্থন করেন। এছাড়া এনসিপিকে ৩ শতাংশ, জাতীয় পার্টিকে ২ শতাংশ, অন্যান্য দলকে ১ শতাংশ উত্তরদাতা সমর্থন করেছেন। মন্তব্য করেননি ১ শতাংশ উত্তরদাতা।
জরিপের তথ্য তুলে ধরে ন্যাশনালিস্ট রিসার্চ সেল জানায়, গণভোটে সংস্কারে কাকে ভোট দেবেন এমন প্রশ্নে ৪৯ শতাংশ উত্তরদাতা বলেছে এখনো তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেননি। ৩০ শতাংশ উত্তরদাতা বলেছে, তারা ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট দেবেন। ২১ শতাংশ বলেছেন তারা ‘না’ এর পক্ষে ভোট দেবেন। ৯৯ শতাংশ উত্তরদাতা বলেছেন, তাদের আসনের নির্বাচনি পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট।
জরিপে আরও বলা হয়েছে, সারাদেশে বিএনপি ২২০টি, জামায়াতে ইসলামী ৫৭টি, এনসিপি দুটি, জাতীয় পার্টি পাঁচটি, স্বতন্ত্র ১২টি এবং অন্যান্য দল চারটি আসন পাবে।
কিন্তু শেষ পর্যন্ত কী হবে? কারা করতে যাচ্ছেন দেশ শাসন? কে হতে যাচ্ছেন নতুন সরকারপ্রধান, তারেক রহমান নাকি ডা. শফিকুর রহমান? এ সব প্রশ্নেরই উত্তর মিলবে ১২ ফেব্রুয়ারির পরেই। আপাতত সেই সময়ের অপেক্ষা।




