সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদের দাফন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:২৪:৫৩ অপরাহ্ন
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী (৬২)-এর জানাজা মঙ্গলবার সম্পন্ন হয়েছে।
বেলা আড়াইটায় বিশ্বনাথ পৌরসভার ছারিকোনা এলাকায় অনুষ্ঠিত জানাজায় অংশ নেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলার সকল সংসদীয় আসনের সমন্বয়ক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, মরহুম সুহেল আহমদ চৌধুরী ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও ইলিয়াস আলীর অন্যতম বিশ্বস্ত সহযোদ্ধা। যুবদল থেকে শুরু করে বিএনপিকে বিশ্বনাথে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে তাঁর ভূমিকা ছিল অনন্য। গণমানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল ব্যাপক এবং জনপ্রতিনিধি হিসেবে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী সুহেল আহমদ চৌধুরী বিশ্বনাথ উপজেলা বিএনপিকে সুসংগঠিত, গতিশীল ও দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে আজীবন কাজ করে গেছেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকার সার্বিক উন্নয়নে তাঁর অবদান বিশ্বনাথবাসী চিরদিন স্মরণ করবে।
জানাজায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্নব, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী ও সাধারণ সম্পাদক লিলু মিয়া, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় স্থানীয় মুসল্লি, এলাকাবাসী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেন।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে বিএনপির একটি নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেন সুহেল আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি





