রাজনগরে জামায়াত ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ৪, গাড়ি ভাংচুর
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৫:৩৭ অপরাহ্ন
রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে বিএনপির কর্মী সমর্থকদের হামলায় জামায়াতে ইসলামীর ৩ জন কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সময়ে বিএনপির ১ জন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এসময় জামায়াতের সমর্থকদের একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। আহত একজনকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর থানা পুলিশ, সেনাবাহিনী ও বিজিবিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। পরে রাজনগরের দক্ষিণ দিকে জামায়াতের কর্মী সমর্থকরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি সমর্থকরা অবস্থান করেন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১০টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজনগর বাজারে বিএনপি ও যুবদলের কর্মী সমর্থকরা শোডাউন করে। রাত সাড়ে ৯ টার পরে জামায়াতের কর্মী সমর্থকরা মোটরসাইকেল ও মাইক বাজিয়ে কয়েকটি পিকআপ গাড়ির শোডাউন নিয়ে আসেন। জামায়াত সমর্থকরা দাবী করেন, বিএনপি সমর্থকরা রাজনগর বাজারের ‘জামতলায়’ তাদের পথরোধ করে শোডাউনের শেষে থাকা পিকআপ গাড়ির সামনে দাঁড়ান। এসময় পরিস্থিতি উত্তপ্ত হলে তাদের কয়েকজন কর্মীর ওপর হামলা চালায়। অপরদিকে জামায়াতের গাড়ি থেকে তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবী করেন বিএনপির সমর্থকরা। এ সময় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি সমর্থকরা হামলা চালালে জামায়াতের ৩ জন আহত হন। আহতরা হলেন- দত্তগ্রামের সাইফ আহমদ (১৭) ও শাওন (১৮) এবং সালন গ্রামের মিনহাজ (২৫)। এ সময় শাওন আহমেদের একটি পিকআপ গাড়ি ভাংচুর করা হয়। অপরদিকে বিএনপির গ্রাম রাজনগর এলাকার ইমরান (৩০) নামে একজন আহত হয়েছেন।
এদিকে, এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর বাজারের দক্ষিণ দিকে জামায়াত ইসলামের কর্মী সমর্থকরা ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টিম রাজনগর বাজারে অবস্থান নেয়। রাত ১২টার পরে উভয় পক্ষ চলে যায়। পরে সহকারি রির্টানিং কর্মকর্তা ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার ঘটনাস্থলে আসেন। এদিকে এ ঘটনায় রাজগর থানায় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে দুটি অভিযোগ থানায় দেয়া হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দুটি এফআইআর ভূক্ত হয়নি।
রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





