বড়লেখায় জালভোট দিতে গিয়ে আটক ২
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:০৬:০৩ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ভুয়া পরিচয়পত্রে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে জোসনা বেগম (২৬) নামে এক নারী ভোটার ও ওমর ফারুক (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে ওমর ফারুক (২৮) নামের এক যুবক বড়লেখা পৌরসভার ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে অন্য ব্যক্তির জালভোট দেওয়ার চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্য ও পোলিং কর্মকর্তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে তথ্যের অসংগতি ধরা পড়লে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীমের কাছে হস্তান্তর করা হয়। পরে জালভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় সোপর্দ করা হয়।
অপরদিকে বিকেলের দিকে গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়ান জোসনা বেগম নামক নারী ভোটার। তিনি গাংকুল গ্রামের সাজিম আহমদের স্ত্রী। লাইনে দাঁড়ানো অবস্থায় পুলিশ পরিচয়পত্র যাচাই করে দেখে আইডি কার্ডের নামের সাথে ভোটার তালিকার অংগতি রয়েছে। পরে তাকে জালভোট প্রদানের চেষ্টার অভিযোগে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নিকট সোপর্দ করা হয়।
ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেল শিক্ষা কর্মকর্তা একেএম জুবায়ের আলম এবং গাংকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইটিং অফিসার শ্রীবাস রঞ্জন দাস পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




