সেনাবাহিনীর কঠোর অবস্থান, জনমনে স্বস্তি
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৭:২৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: আগেরদিন রাতের নানান গুজব আর বিগত নির্বাচনে সেনাবাহিনীর অনেকটা দর্শকের মতো অবস্থান দেখে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। তবে বৃহস্পতিবার নির্বাচনের দিন সেনাবাহিনীর কঠোর অবস্থান মানুষের সংশয় দূর করেছে। উপস্থিত অনেকেই বলেছেন সেনাবাহিনী তাদের হারানো গৌরব ও ভাবমূতি যেন ফিরে পেয়েছে। শেখ হাসিনার সময় যা অনেকটাই ম্লান হয়েছিল।
সরেজমিন সিলেটের বিভিন্ন কেন্দ্রে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কঠোর অবস্থানে ছিলেন সেনা সদস্যরা। আগের রাতের গুজব আর ভাচুয়ালি ভাইরাল নানান হাঙ্গামার খবরে আতঙ্কিত হয়ে পড়েন ভোটাররা। ফলে সকালে ভোট দিতে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেন। কিন্তু বিভিন্ন কেন্দ্রে সেনাবাহিনীর তৎপরতার খবর ছড়িয়ে পড়লে ভোটারের সংখ্যা বাড়তে থাকে।
সেনাবাহিনীর সদস্যরা ভোট কেন্দ্রের আশপাশে ভোটারের বাইরে কাউকে ঢুকতে দেননি। ভোটারের বাইরে শুধু অনুমোদিত পর্যবেক্ষকরা কেন্দ্রে ঢুকতে পারেন। তাছাড়া অন্যান্য বছরের মতো ভোট কেন্দ্রের আশপাশে যে জটলা দেখা যেতো এবার সেনারা তাদের জড়ো হতে দেননি। ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ এবং রাস্তাঘাটে নজরদাড়ির জন্য নিরাপদ যাত্রায় ভোটারদের মনে স্বস্তি ফিরে আসে।
বিশেষকরে নারী ভোটাররা সেনাবাহিনীর ভূমিকার খুব প্রশংসা করেন। তারা বলেন এরআগে আমরা শুনেছি ভোট কেন্দ্রে সেনাবাহিনী দর্শকের ভূমিকা পালন করতে শুনেছি। কিন্তু এবার আমরা তাদের কঠোরভাবে দায়িত্ব পালন করতে দেখেছি। ফলে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করা গেছে।
এরআগে সকালে ভোটারদের নির্ভয়ে ভোট প্রদানের আহ্বান জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন আজকের দিনটি আমাদের জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের জন্য আনন্দের দিন। গত দেড় বছর ধরে আমরা এই দিনটার অপেক্ষায় ছিলাম। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারছেন। একটা সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে। বৃহস্পতিবার ঢাকা আদমজী কলেজে ভোটপ্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এসময় সেনাপ্রধান বলেন, আমি সকালেই খবর নিয়েছি সারা বাংলাদেশে কোথায় কী হচ্ছে। আমার কাছে থাকা খবর অনুযায়ী, অত্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে আমি আশাবাদি ভোটের ফল ঘোষণার পরও এই শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে।
এরআগে জামায়াত আমীরও সেনাবাহিনীর প্রশংসা করেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে প্রধান নির্বাচনি কার্যালয়ে ব্রিফিংয়ে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করেছে। তবে অল্প সময়ের মধ্যেই সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে সেনাবাহিনী। দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সেনাবাহিনী এই দায়িত্ব অব্যাহত রাখলে দেশ একটা ভালো নির্বাচন উপহার পাবে।




