খালেদা জিয়ার মাগফিরাত কামনায় রেজা কিবরিয়ার দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২৫:১৯ অপরাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়ার নিজ বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপজেলার ১৩ টি ইউনিয়নের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, ছাত্রদল, অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন।
মাহফিল শেষে হবিগঞ্জ-১ নবনির্বাচিত সংসদ সদস্য ড. রেজা কিবরিয়া উপস্থিত সকলের উদ্দেশ্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের আপসহীন প্রতীক। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।
নবীগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, সাবেক পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী, রেজা কিবরিয়া সহধর্মিনী সিমি কিবরিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি বয়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, পৌর যুবদলের আহবায়ক মো. আলমগীর মিয়া, প্রবাসী কমিউনিটি লিডার, আবুল কালাম আজাদ ছোটন, শাহ ছালিক মিয়া, অধ্যক্ষ নুরুল আমিন, প্রভাষক মুজাহিদ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম প্রমুখ।





