দিরাইয়ে চাচাতো ভাইয়ের অস্ত্রের আঘাতে নিহত ১
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৪:৩৭ অপরাহ্ন

দিরাই-শাল্লা সংবাদদাতা: সুনামগঞ্জের দিরাইয়ে বিয়েতে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটি এক পর্যায়ে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে আনজুর মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছেন। শনিবার দুপুরে দিরাই উপজেলার ধল আশ্রম গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনজুর মিয়া ধল আশ্রম গ্রামের সাদ উল্লার ছেলে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ অকুস্থল পৌঁছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে আনজুর মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই আনহার মিয়ার কথা-কাটাকাটি একপর্যায়ে বিরোধ তীব্র হলে আনহার মিয়া ধারালো অস্ত্র দিয়ে আনজুর মিয়াকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দিরাই উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্ব প্রাপ্ত চিকিৎসক মনি রানী তালুকদার বলেন ধারালো অস্ত্রের আঘাতে আহত আনজুর মিয়া হাসপাতালে আসার পূর্বেরই মারা গেছেন। দিরাই থানা পুলিশ সরকারি হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন,হাসপাতালে থাকা নিহত আনজুর মিয়ার মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।





