নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান এমরান চৌধুরীর
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১২:৫৯ অপরাহ্ন

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার দুই প্রধান নির্বাচনী কার্যালয়ে দলের নেতাকর্মীদের পক্ষ থেকে সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে শুভেচ্ছা জানানো হয়।
রোববার বিকালে বিয়ানীবাজার উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এবং শনিবার দুপুরে গোলাপগঞ্জ উপজেলা প্রধান নির্বাচনী কার্যালয়ে এমরান আহমদ চৌধুরীকে দুই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান।
এসময় নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দুই উপজেলার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুখে-দুখে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আনন্দে যেন দলীয় শৃঙ্খলা ভঙ্গ না করি। আমাদের বিজয়ে অনেকে ঈর্ষান্বিত। অনেকে উস্কানিমূলক কথাও বলতে পারে। এই ফাঁদে কেউ পা দিবেন না। কঠোরভাবে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে হবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী ধানের শীষ প্রতীকে ৮ হাজার ৩৪৮ ভোট বেশি পেয়ে জামায়াতের প্রার্থী মো. সেলিম উদ্দিনকে পরাজিত করেছেন।





