শান্তিগঞ্জে উন্নত মসলা মাঠ দিবস
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:১৯:৩৭ অপরাহ্ন

শান্তিগঞ্জ সংবাদদাতা : ২০২৫-২৬ অর্থবছরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় উন্নত মসলা মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে পাথারিয়া গ্রামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মুফাজ্জুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক। তিনি বলেন, উন্নত জাতের মসলা চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি ও কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাগলা ইউনিয়নের কৃষি উপসহকারী টিটু তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া এবং কৃষাণী আলেয়া বেগম। বক্তারা মাঠ পর্যায়ে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও উন্নত জাতের চাষাবাদ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাথারিয়া ইউনিয়নের কৃষি উপসহকারী কর্মকর্তা শ্রাবন্তী রানী দে, শিমুলবাঁক ইউনিয়নের উপসহকারী কর্মকর্তা অলক চন্দ্র দাসসহ স্থানীয় বহু কৃষক ও কৃষাণী। মাঠ দিবসে বারি আদা-৩ জাতের আদা চাষের প্রদর্শনী প্লট পরিদর্শন করা হয় এবং রোগবালাই দমন, সার ব্যবস্থাপনা ও অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কারিগরি দিক তুলে ধরা হয়।




