বিশ্ববিদ্যালয় দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর : শাবি প্রো-ভিসি
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৫৫:২৭ অপরাহ্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেছেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। মানসম্মত শিক্ষা ও গবেষণার মাধ্যমে শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করাই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। তিনি গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল ইসলাম রচিত ‘Sampling and Data Analysis Using R: Theory and Practice’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, বইটির শিরোনাম অত্যন্ত ইউনিক ও সময়োপযোগী। বইয়ের বিষয়বস্তু সুসংগঠিত ও যথাযথভাবে উপস্থাপন করা হয়েছে, যা সংশ্লিষ্ট ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও গবেষণাসংক্রান্ত কার্যক্রম অব্যাহতভাবে পরিচালিত হওয়াই স্বাভাবিক। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হলো। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও গবেষকদের জ্ঞানচর্চায় নতুন মাত্রা যোগ করবে।
পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আজিজুল বাতেনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো. জামাল উদ্দিনের সঞ্চালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. আহমদ কবির চৌধুরী, অধ্যাপক ড. মো. জাকির হোসেন, অধ্যাপক ড. সাবিনা ইসলাম, অধ্যাপক ড. আহমদ কবীর ও অধ্যাপক ড. রহমত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি





