নতুন সরকারের শপথ আজ, ৪ স্তরের নিরাপত্তা বলয়
প্রকাশিত হয়েছে : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০:০৯ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারে শপথ অনুষ্ঠান ঘিরে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দায়িত্ব পালন করবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য। স্ট্যান্ডবাই থাকবে সোয়াট, বোম্ব ডিস্পোজাল ও কেনাইনের মতো বিশেষায়িত ইউনিট। মঙ্গলবার সকাল ১০টায় শপথ নেবেন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য। তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথের পর বিকেলে সংসদে দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে। শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন ১ হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি। মেগা ইভেন্ট সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে কর্মযজ্ঞ।
শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় এরইমধ্যে দক্ষিণ প্লাজাজুড়ে সুইপিং করেছে বোম্ব ডিস্পোসাল ইউনিট ও ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে সাদা পোশাকে অবস্থান করছেন গোয়েন্দারা। সংসদের প্রবেশপথ ও ভেতরে মিলিয়ে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা। এছাড়াও স্ট্যান্ডবাই থাকবে বিশেষায়িত সব ইউনিট।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলছে, মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশে রওনা দেয়ার সময় থেকেই দেয়া হবে নিরাপত্তা। প্রোটোকলের জন্য প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, আনা-নেয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক এবং সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা থাকবে।শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় থাকবেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির ১৫ হাজার সদস্য। কোনো শঙ্কা না থাকলেও নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এবিষয়ে নজরুল ইসলাম বলেন বলেন, সভা হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ, র্যাব, বিজিবি নিয়োজিত থাকবে। নিরাপত্তা সংক্রান্ত কোনো থ্রেট আশঙ্কা করছি না। এটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো বলে আশা করছি।
মণিপুরী পাড়া ও আসাদ গেট সংলগ্ন সংসদ ভবনের প্রবেশপথ দিয়ে ঢুকতে হবে অনুষ্ঠানস্থলে। আয়োজন নির্বিঘ্ন করতে মানিক মিয়া অ্যাভিনিউ ও লেকরোডে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকেই বন্ধ থাকবে যান চলাচল। এদিকে জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা ডেকেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী দল বিএনপি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে হবে এই সভা। সালাহউদ্দিন আহমদ বলেন, সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী ব্যক্তিদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।




