আমরা একটি মানবিক রাষ্ট্রের স্বপ্ন দেখছি : বিভাগীয় কমিশনার
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫১:৩৯ অপরাহ্ন
কাউসার চৌধুরীর বইয়ের মোড়ক উন্মোচনে

স্টাফ রিপোর্টার: সিলেটে বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী বলেছেন আমরা একটি মানবিক রাষ্ট্র ও সরকারের স্বপ্ন দেখছি। নতুন যে সরকার গঠিত হচ্ছে আমরা মনে করি এটি সে ধরনেরই একটি সরকার হবে। যেখানে শুধু কাউসার চৌধুরী নয় এরকম আরও অনেকে জীবনের স্বাদ খুঁজে পাবেন। তিনি সোমবার বিকেলে সিলেট প্রেসক্লাবে সাংবাদিক কাউসার চৌধুরীর ‘দ্বিতীয় জীবনের গল্প’ বইয়ের মোড়ক উন্মেচনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী লিভার ও কিডনি বিকল হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেলে সবার দোয়া ও সহযোগিতায় লিভার ও কিডনি ট্রান্সপ্লান্ট করে আবারও কর্মময় জীবনে ফিরেছেন। এই বইয়ে তিনি তার সেই অসুস্থতাকালীন জীবনের গল্প তুলে ধরেছেন। যেখানে তিনি তার চিকিৎসাকালীন সময়ের কথা ও যারা নেপথ্যে সহায়তা করেছেন তাদের কথা বর্ণনা করেছেন। বইয়ের লন্ডনভিত্তিক প্রকাশনা সংস্থা এমজেএম এটি প্রকাশ করেছে।
লন্ডন-বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার নূর আহমদের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক জালালাবাদ এর সিনিয়র রিপোর্টার মুনশী ইকবাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগীব হোসেন চৌধুরী এবং দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন।
এতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, মূল প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল। বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির ও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এবং সাবেক সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্তের সিলেট ব্যুরো প্রধান আবদুল কাদের তাপাদার।পরে লেখক কাউসার চৌধুরী তার অনুভূতি ব্যক্ত করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ও তার চিকিৎসাকালীন সময়ে যারা সহায়তা করেছেন তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে সাংবাদিক কাউসার চৌধুরীর স্ত্রীসহ পরিবারের সদস্য, সহকর্মী সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, ব্যাংকার, আইনজীবীসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।




