সুনামগঞ্জে রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের র্যালি
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:১৬:০২ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ পৌর শাখা। বুধবার কাজির পয়েন্ট থেকে স্বাগত র্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
পৌর সভাপতি ইকরামুল মাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাহে রমাদ্বান হলো তাকওয়া অর্জন, আত্মসংযম ও আত্মশুদ্ধির অনন্য প্রশিক্ষণ মাস। এ মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে; তাই কুরআনের আলোকে ব্যক্তি ও সমাজজীবন গড়ে তোলার অঙ্গীকার করতে হবে। তিনি আরও বলেন, রমাদ্বান আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও মানবিকতা জাগ্রত করে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়।
সভাপতির বক্তব্যে ইকরামুল হক মাজেদ বলেন, রমাদ্বান আমাদের জীবনে পরিবর্তনের সুযোগ এনে দেয়। এ মাসে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং সমাজের কল্যাণমূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তিনি।
সমাবেশ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।




