মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৫:৪৭:৩০ অপরাহ্ন
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ আহত হননি। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের শাহাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মৌলভীবাজার পৌরসভার কলাপাড়া এলাকার রেহান, পিকআপচালক রুবেল এবং সদর উপজেলার কালেঙ্গা এলাকার বাসিন্দা সিএনজি চালক আলী নূর।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ২ জন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত আরও একজনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মৌলভীবাজারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা সাজ্জাদুর রহমান বলেন, আমরা বাজারে ছিলাম। খবর পেয়ে এসে দেখি ঘটনাস্থলে দুইজনের লাশ পড়ে আছে। অপর একজনের তখনও প্রাণ ছিল। তাকে উদ্ধার করে একই হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করেছেন।





