নগরে ড্রেন থেকে চাকুসহ ৭ ছিনতাইকারী আটক
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৯:৩৫:১২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর একটি ড্রেনের ভিতর থেকে ৪টি চাকুসহ ৭ চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ৪টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন ড্রেনের ভিতর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১টি দা, ৪টি চাকুসহ ছিনতাইয়ের অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ছত্তারের পুত্র ইমন আহমদ, শ্রীমঙ্গল থানার শাপলাবাগ গ্রামের মালেক মিয়ার পুত্র ইমন (১৮), সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীরগাও খালপাড় গ্রামের লাল মিয়ার পুত্র শাহান আহমদ (১৮), সিলেটের এয়ারপোর্ট থানার বাইশটিলা গ্রামের মৃত আসুল আলমের পুত্র ইয়াসিন (১৮), মৌলভীবাজার রাজনগর থানার দাসপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের পুত্র রুবেল (২১), সুনামগঞ্জ দোয়ারাবাজার থানার গোপালপুর (বাংলাবাজার) গ্রামের আসাদ মিয়ার পুত্র হৃদয় আহমদ (১৮) ও সিলেটের কোতোয়ালী থানার জল্লারপাড় এলাকার লিয়াকত মিয়ার পুত্র শওকত মিয়া (৩০)।
রোববার এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আটককৃতরা চিহ্নিত ছিনতাইকারী। আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।





