অপরাজেয় খামেনির শাহাদাত
প্রকাশিত হয়েছে : ০২ মার্চ ২০২৬, ২:২০:৫১ অপরাহ্ন
*যুক্তরাষ্ট্র-ইসারায়েলের যৌথ হামলা *
*প্রতিরক্ষামন্ত্রী, সেনা প্রধান, পুলিশ প্রধান নিহত
মাথা নোয়াবেনা ইরান, পাল্টা হামলা অব্যাহত*

জালালাবাদ রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা ও মুসলিম বিশ্বের মহান নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের তেহরানে ‘রেডক্রিসেন্ট শান্তি ভবনের আশেপাশের এলাকাকে লক্ষ্যবস্তু করে’ হামলা চালানো হলে তিনি নিহত হন। এর মধ্য দিয়ে চিরপ্রস্থান হলো এক ‘অপরাজেয় দৃঢ়চেতা নেতার’।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলেছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার ভোরে তাঁর কার্যালয়ে কাজ করার সময় নিহত হয়েছেন। মৃত্যুর সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বয়স হয়েছিল ৮৬ বছর। ১৯৩৯ সালে উত্তর-পূর্ব ইরানের পবিত্র শিয়া শহর মাশহাদ-এ জন্মগ্রহণ করেন আলী খামেনি। তিনি প্রতিবেশী দেশ ইরাকের একজন পরিচিত মুসলিম আলেমের সন্তান ছিলেন এবং জাতিগতভাবে আজারবাইজানি বংশোদ্ভূত।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সংশ্লিষ্ট বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, নিজ কার্যালয়ে খামেনির মৃত্যুতে এটাই প্রমাণ হয় যে তাঁর লুকিয়ে থাকার খবরগুলো ছিল ‘শত্রুপক্ষের মানসিক যুদ্ধের’ অংশ।
খামেনির সাথে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবদুল রহিম মুসাভি, প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ ও পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান গোলামরেজা রেজাইয়ান নিহত হয়েছেন।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার শাসন ব্যবস্থা চালু হয় ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে। এক বিপ্লবের মাধ্যমে ইরানে রেজা শাহ পাহলভীর রাজতন্ত্রকে উৎখাত করা হয়। তাকে উৎখাতের পর ইরানে ধর্মীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
এরপর দেশটি দুজন সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা পেয়েছে। তাদের পদবী হিসেবে আয়াতুল্লাহ ব্যবহার করা হয়, শিয়া ধর্মাবলম্বীদের কাছে যার অর্থ সিনিয়র ধর্মীয় নেতা।
সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সামরিক বাহিনীর কমান্ডার-ইন-চীফও ছিলেন।
কান্নাবিজড়িত কণ্ঠে এক ঘোষণায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের উপস্থাপক খামেনির মৃত্যুতে দেশটিতে ৪০ দিনের শোক ঘোষণার কথা জানান। এর আগে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার পর খামেনি মারা গেছেন বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশটিকে নেতৃত্ব দেবে তিন সদস্যের একটি পর্ষদ। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন থেকে এমনটা জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, একটি তিন সদস্যের পর্ষদ অস্থায়ীভাবে দেশের সবকিছুর নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পালন করবে। এ তিন সদস্যের পর্ষদে থাকছেন, দেশের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান ও গার্ডিয়ান কাউন্সিলের একজন জুরি।
জানা গেছে, শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ অভিযানে তারা (ইসরায়েল) ইরানে ১ হাজার ২০০টির বেশি বোমা ফেলেছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মাথা নোয়াবেনা ইরান। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হামলা চলবে। রোববার টেলিভশনে দেওয়া বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাবো। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, বিপ্লবের নেতার (আয়াতুল্লাহ আলি খামেনি) শাহাদাত বরণ ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির প্রকাশ করা এক ভিডিওতে দেখা গেছে, আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনায় ইরানে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ চলছে।
ওদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বোমা হামলার প্রতিবাদে তারা ষষ্ঠ দফার পাল্টা হামলা চালাচ্ছে। আইআরজিসির দাবি, এ অভিযানে ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের তেল নফ বিমানঘাঁটি, তেল আবিবে ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর ‘হাকিরিয়া’ ও একটি বিশাল প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। ইসরাইলের মধ্যাঞ্চলীয় বেইত সেমেশ শহরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানের হামলা শুরুর পর থেকে ৩ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছে। এছাড়া বাহরাইনের রাজধানী মানামায় একটি হোটেল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে পাল্টা হামলা চালানো নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলে হামলা চালানো হলে তিনি ইরানের বিরুদ্ধে নজিরবিহীন শক্তি ব্যবহার করবেন, যা পৃথিবী আগে দেখেনি।
রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি খামেনির মৃত্যুকে ‘মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সকল নিয়ম লঙ্ঘনকারী নিষ্ঠুর হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেছেন।
এদিকে, গতকালও ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়েছে। এসব এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তেহরানের বিভিন্ন এলাকা, বিশেষ করে সাইয়্যেদ খানদান, কাসর চত্বর, ভানাক স্কয়ার এবং মোতাহারি স্ট্রিট এলাকার আশেপাশে ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।





