প্রাথমিকে উপবৃত্তি পেতে ৮০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৬, ৯:৫০:২৮ অপরাহ্ন

জালালাবাদ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে এখন থেকে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রতি মাসে মোট পাঠদিবসের অন্তত ৮০ শতাংশ উপস্থিতি না থাকলে ওই মাসে উপবৃত্তির অর্থ পাওয়া যাবে না। একই সঙ্গে পূর্ববর্তী শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, অনলাইন জন্মনিবন্ধন সনদ থাকা এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধিত মোবাইল নম্বরে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাব থাকার মতো একাধিক শর্তও পূরণ করতে হবে। এসব বিধান রেখে প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন নির্দেশিকা-২০২৬ চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
নতুন নির্দেশিকা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় ও শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এই উপবৃত্তির আওতায় থাকবে। সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের অংশ হিসেবে পরিচালিত এই কর্মসূচির অর্থ দিয়ে শিক্ষার্থীরা ব্যাগ, স্কুল ড্রেস, জুতা, ছাতা, টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী কিনতে পারবে।
তবে ধারাবাহিকভাবে তিন মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকলে উপবৃত্তি সাময়িকভাবে স্থগিত থাকবে এবং কোনো মাসে উপস্থিতির শর্ত পূরণ না হলে ওই মাসের ভাতা দেওয়া হবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।




