জাতীয় গ্রিডে ত্রুটি : আশুগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২৬, ৯:৫৬:৩৮ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির বৃহৎ দুটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে প্রায় ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে বিকট শব্দের পরপরই ইউনিট দুটি ট্রিপ করে বন্ধ হয়ে যায়। ফলে প্রায় দেড় হাজার মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন নেমে আসে মাত্র ২২৫ মেগাওয়াটে।
বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ সূত্রে জানা যায়, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির সচল পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি বড় ইউনিট থেকে প্রায় ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে বিকট শব্দের সঙ্গে সঙ্গে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন নর্থ ইউনিট ও ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ইস্ট ইউনিট পর্যায়ক্রমে ট্রিপ করে বন্ধ হয়ে যায়। এর ফলে জাতীয় গ্রিডে প্রায় সাড়ে পাঁচশ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায় এবং বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন নেমে আসে ২২৫ মেগাওয়াটে।
এদিকে গ্যাস সংকটের কারণে ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাউথ ইউনিট এবং ৫০ মেগাওয়াট ক্ষমতার গ্যাস ইঞ্জিন ইউনিট দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। ফলে প্রায় দেড় হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বর্তমানে অর্ধেকে নেমে এসেছে।
এ বিষয়ে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে শুক্রবার দুপুর আড়াইটার পর হঠাৎ ট্রিপ করে ৪০০ মেগাওয়াটের নর্থ ও ইস্ট ইউনিট বন্ধ হয়ে যায়। তবে ইউনিট দুটি সচল রয়েছে। গ্রিড লাইনের ত্রুটির কারণ খতিয়ে দেখা হচ্ছে। ত্রুটি নিরসন করে রাতের মধ্যেই ইউনিট দুটি পুনরায় চালু করা হবে।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-বিপিডিবি সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী জারজিসুর রনি জানান, সিলেটে যে লোডশেডিং হচ্ছে এগুলো স্বাভাবিক। আশুগঞ্জ পাওয়ার স্টেশন বন্ধজনিত কারণে কোন লোডশেডিংয়ের তথ্য আমাদের জানা নেই।





